লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় বাংলাদেশের নাগরিককে জিম্মি করে দেশে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদারীপুরের শিবচর থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার পর মুক্তিপণের টাকা লেনদেনে ব্যবহৃত তিনটি সন্দেহজনক ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মুজিবর জমাদ্দার (৪৫), তাঁর স্ত্রী নুরজাহান (৩৯) ও তাঁদের মেয়ের জামাতা হান্নান মিয়া (৩২)।
সংবাদ সম্মেলনে সিআইডির সংঘবদ্ধ অপরাধ দমন শাখার বিশেষ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, গত ২০ এপ্রিল মাদারীপুরের শিবচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে শিবচর থানায় মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার হওয়া মুজিবর ও হান্নানকে তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। নুরজাহানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে সিআইডি, তিনি এখন মাদারীপুর কারাগারে আছেন।
মোল্যা নজরুল ইসলাম বলেন, ২ এপ্রিল ব্র্যাক ব্যাংকের একটি শাখায় মুজিবর জমাদ্দার ও নুরজাহানের নামে দুটি এবং একই দিনে হান্নান মিয়ার নামে ন্যাশনাল ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়। এর এক দিন পরই হিসাব নম্বর তিনটিতে সিলেট, ঠাকুরগাঁও, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলা থেকে কয়েক লাখ টাকা জমা হয়। সন্দেহ হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে সিআইডি বিষয়টি জানতে পারে। পরে তদন্তে সিআইডি জানতে পারে, মুজিবর জমাদ্দার লিবিয়ায় থাকা তাঁর ছেলে রায়হান, ভাই দাদন জমাদ্দারসহ সাত-আটজন আত্মীয়স্বজনের মাধ্যমে বাংলাদেশ থেকে লিবিয়ায় যাওয়া লোকজনকে জিম্মি করেন। পরে দেশ থেকে মুক্তিপণ আদায় করেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তিনজন তাঁদের অপরাধের কথা স্বীকার করেছেন।
সিআইডি কার্যালয়ে উপস্থিত কাজী জাহাঙ্গীর আলম নামের এক ভুক্তভোগীর বড় ভাই প্রথম আলোকে বলেন, তাঁর গ্রাম ভৈরবের কমলপুর। তাঁর ছোট ভাই দীপু ইসলাম ছয়-সাত মাস আগে লিবিয়ায় যান। সেখান থেকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে এই চক্রের সদস্যরা তাঁর ভাইকে জিম্মি করেন। এরপর গুলি করে মেরে সাগরে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে তাঁদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ চান। চক্রের সদস্যদের সরবরাহ করা ব্যাংক হিসাবে গত ১৯ ও ২১ মার্চ দুই দফায় তিনি দুই লাখ টাকা মুক্তিপণ দিয়েছেন। এরপর তাঁর ছোট ভাই দীপু ইসলামকে ছেড়ে দেওয়া হয়। সপ্তাহখানেক আগে দীপু লিবিয়া থেকে ইতালি গেছেন।