লিবিয়ায় পাচারকালে উদ্ধার ৩৯
লিবিয়ায় পাচারের সময় গত বুধবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৯ জনকে উদ্ধার করেছে র্যাব-৭। তাঁদের কাছ থেকে পাসপোর্ট ও দুবাইয়ের ভিসা জব্দ করা হয়েছে। একজনের কাছে লাইফ জ্যাকেটও পাওয়া গেছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা ঢাকা, শরীয়তপুর, হবিগঞ্জ, মাদারীপুর, পাবনা ও সিলেট জেলার বাসিন্দা। তাঁদের কেউ সিএনজিচালিত অটোরিকশার চালক, কেউ ক্ষুদ্র ব্যবসায়ী, আবার কেউ বেকার।
র্যাব জানায়, ৩৯ জনের মধ্যে মাত্র ২ জন ৫০ হাজার থেকে ১ লাখ টাকা দালালদের দিয়েছেন। বাকিদের লিবিয়ায় গিয়ে টাকা পরিশোধের কথা ছিল। লিবিয়া পৌঁছানোর পর একেকজনের কাছ থেকে ৪ থেকে সাড়ে ৪ লাখ এবং ইতালি গেলে ৭ থেকে ৮ লাখ টাকা নিত দালালেরা।
উদ্ধারকৃত ফাহিম আহম্মেদ সিলেটের বিয়ানীবাজার থানার খসিরবন্ড হাতি টিলা গ্রামের মৃত ফরিছ উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এলাকায় তিনি অটোরিকশা চালাতেন। বিয়ানীবাজারের মো. আবুলের মাধ্যমে দুই মাস আগে তিনি ইতালি যাওয়ার কথা জানতে পারেন। আবুলের মাধ্যমে এলাকার আরও ২০০ লোক লিবিয়া ও ইতালি গেছে। তিনিও ৪ লাখ ২০ হাজার টাকার মৌখিক চুক্তিতে ইতালি যেতে রাজি হন।
ফাহিমের বর্ণনা অনুযায়ী, আবুলের কথামতো গত সোমবার সিলেট থেকে ঢাকায় ফকিরাপুলের একটি হোটেলে ওঠেন তিনি। সেখানে বিভিন্ন জেলার আরও পাঁচ-ছয়জন ছিলেন। মঙ্গলবার তাঁরা চট্টগ্রামে আসেন। হোটেলে এক ব্যক্তি তাঁর হাতে তুলে দেন পাসপোর্ট ও ভিসা। বুধবার সকালে বিমানবন্দরে পৌঁছানোর পর কেউই তাঁদের কাগজপত্র যাচাই করেনি। দুপুর ১২টার দিকে তাঁদের উদ্ধার করে র্যাব।
উদ্ধারকৃত ব্যক্তিদের ৩৭ জনই দালালদের টাকা দেননি। সিলেটের গোলাপগঞ্জের মোমিত আহমেদ ইতালি যাওয়ার জন্য তিন মাস আগে দালালদের ১ লাখ টাকা এবং মৌলভীবাজারের আবদুল হামিদ ৫০ হাজার টাকা দেন লিবিয়া যাওয়ার জন্য। বাকি টাকা সেখানে গিয়ে পরিশোধের কথা ছিল বলে তাঁরা জানান।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহম্মেদ সংবাদ সম্মেলনে জানান, দুবাইগামী এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে কিছু লোককে অবৈধভাবে লিবিয়া নিয়ে যাওয়া হচ্ছে খবর পেয়ে র্যাব বিমানবন্দরে অভিযান চালায়। ৩৯ জনের সবারই ভিসার মেয়াদ স্বল্প। কিছু কিছু ভিসার মেয়াদ উত্তীর্ণও হয়ে গেছে। আর কিছু ভিসার মেয়াদ ছিল মাত্র ১০ দিন। বিমানের টিকিট অনুযায়ী তাঁদের রুট ছিল চট্টগ্রাম-দুবাই-তুরস্ক-লিবিয়া।
র্যাবের অধিনায়ক জানান, উদ্ধারকৃত ব্যক্তিদের মধ্যে ১৯ জনের পাসপোর্টে বিমানবন্দরে দায়িত্বরত অভিবাসন পুলিশ সিল-সই মারে। কিন্তু এর আগে এই ১৯ জনের ভিসা যাচাই-বাছাই করা হয়নি। বাকি ২০ জনের ইমিগ্রেশন হওয়ার আগে র্যাব তাঁদের আটক করে। তবে অন্য ২১ জন ফ্লাইটে উঠে যাওয়ায় তাঁদের শনাক্ত করা যায়নি।
এক প্রশ্নের জবাবে মিফতাহ উদ্দিন বলেন, ইমিগ্রেশন কর্তৃপক্ষ কীভাবে ২১ জনকে ছাড়লেন, তা তারাই ভালো বলতে পারবে। এই চক্রে কারা জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে। প্রাথমিকভাবে ৩০ দালালকে শনাক্ত করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (অভিবাসন) আরেফিন জুয়েল বলেন, ‘এ রকম তো হওয়ার কথা নয়।’ তিনি বলেন, যাদের সন্দেহজনক মনে হয়েছে ও কাগজপত্র ঠিক না, তাদের যেতে দেওয়া হয়নি। র্যাব তাদের নিয়ে গেছে।
র্যাব অধিনায়ক বলেন, উদ্ধারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে সিলেটের জিন্দাবাজারের আল মামুন ট্রাভেলস ও শামিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামের দুটি প্রতিষ্ঠান এবং ৩০ দালালকে শনাক্ত করা গেছে। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে। ৩৯ জনকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হবে, কারণ তাঁরা ভুক্তভোগী।