লিমনের মায়ের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে গতকাল মঙ্গলবার গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে লিমনের মা হেনোয়ারা বেগমের (৪৫) ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ।
আহত হেনোয়ারাকে পিরোজপুরের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে ২০১২ সালে লিমন ও তাঁর মায়ের ওপর একবার হামলা চালানো হয়েছিল।
স্থানীয় কয়েক ব্যক্তি ও হাসপাতালে চিকিৎসাধীন হেনোয়ারা বেগম জানান, মঙ্গলবার (গতকাল) সকালে লিমনের বাবা তোফাজ্জেল হোসেন ও মা হেনোয়ারা বেগম কাউখালী থেকে রাজাপুরের সাতুরিয়া গ্রামের বাড়িতে যান। দুপুরে লিমনের মা কুড়াল দিয়ে ঘরের পাশের একটি মেহেগনিগাছ কাটছিলেন। এ সময় প্রতিবেশী ইব্রাহিম হাওলাদার ও তাঁর শ্যালক কাঞ্চন হাওলাদার লোকজন নিয়ে সেখানে যান। এরপর ইব্রাহিম লিমনের মায়ের হাত থেকে কুড়াল ছিনিয়ে নিয়ে কুড়ালের হাতল দিয়ে তাঁকে পিটিয়ে আহত করেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, হেনোয়ারা বেগমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লিমনের মা হেনোয়ারা বেগম বলেন, ২০১১ সালে র্যা বের গুলিতে লিমন পঙ্গু হয়ে যাওয়ার পর র্যা বের স্থানীয় তথ্যদাতাদের (সোর্স) ভয়ে লিমনের বাবা-মা পাশের কাউখালী উপজেলা সদরে একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন। ২০১২ সালের ২০ আগস্ট ঈদের দিন লিমন পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে গেলে র্যা বের সোর্স ইব্রাহিম হাওলাদার ও তাঁর সহযোগীরা লিমনকে মারধর করেন। ওই সময় ইব্রাহিমের শ্যালক ফোরকান হাওলাদার হার্ট অ্যাটাকে মারা যান। এ ঘটনায় লিমন ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে মামলা হয়। অপরদিকে লিমনকে মারধরের ঘটনায় ইব্রাহিমের বিরুদ্ধে মামলা করেন লিমনের মা হেনোয়ারা বেগম। ওই মামলায় আদালত ইব্রাহিমকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। এ ঘটনার পর ইব্রাহিমের ভয়ে লিমন ও তাঁর পরিবার গ্রামে যাওয়া বন্ধ করে দেন। গতকাল সকালে লিমনের বাবা-মা গ্রামের বাড়িতে এলে হামলার ঘটনা ঘটে।
ইব্রাহিম হাওলাদার বলেন, ‘মঙ্গলবার দুপুরে আমার জমিতে লাগানো মেহগনিগাছ কাটার সময় লিমনের মায়ের হাত থেকে কুড়াল নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়েছে। কোনো মারধরের ঘটনা ঘটেনি।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’