লুকালেও দুই কোটি টাকার সোনা নিয়ে ধরা

স্কচটেপ দিয়ে মুড়িয়ে প্যাকেট করা হয় দুটি। প্রতিটি প্যাকেটে ছিল ২০টি করে মোট ৪০টি সোনার বার। প্যাকেট করে শরীরের বিশেষ অংশে লুকিয়ে রেখেছিলেন। এ অবস্থাতেই চট্টগ্রাম থেকে আকাশপথে চলে আসেন ঢাকায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কৌশলে বের হওয়া চেষ্টা করেন। কিন্তু ধরা পড়ে যান তাঁরা শুল্ক গোয়েন্দাদের হাতে। আটক দুই যাত্রী হলেন নাসিমা আক্তার ও জেসমিন আক্তার। দুই যাত্রীর বয়স ৩৫ বছর। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার পরিমাণ ৪ কেজি ৬০০ গ্রাম।
শুল্ক গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, আটক সোনার মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, জেসমিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানার শ্রমিক। কর্মস্থলের যাওয়ার কথা বলে আজ সকালে বাড়ি থেকে বের হন জেসমিন। কক্সবাজারের চকরিয়ার অধিবাসী নাসিমা বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু দুজনে ইমরুল নামের এক দালালের খপ্পরে পড়ে সোনা পাচারে জড়িয়ে পড়েন। চট্টগ্রাম থেকে ঢাকায় সোনা বহনের জন্য নাসিমার সঙ্গে আট হাজার টাকা ও জেসমিনের সঙ্গে ১০ হাজার টাকায় চুক্তি হয়। ওমানের মাসকাট থেকে চট্টগ্রামে আসা রিজেন্ট এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভ্যন্তরীণ যাত্রী হিসেবে ঢাকায় আজ সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তাঁরা।
মইনুল খান বলেন, আকাশপথে সোনার বারের প্যাকেট শরীরে গোপন অংশে লুকিয়ে ফেলেন জেসমিন ও নাসিমা। কিন্তু শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হওয়ার সময় শুল্ক গোয়েন্দারা তাঁদের শনাক্ত করেন। পরে বিমানবন্দরের কাস্টমস হলে নিয়ে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের নারী কর্মকর্তারা এই দুই যাত্রীকে তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় প্যাকেট দুটি উদ্ধার করেন। আটক দুই যাত্রীকে বিমানবন্দর থানায় পাঠানো হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা সোনার বারগুলো এয়ারপোর্ট বাংলাদেশ ব্যাংকে জমা করা হবে।