লুঙ্গিতে মোড়ানো ৭০ হাজার ইয়াবা!
প্যারাবনের ভেতর থেকে লুঙ্গিতে মোড়ানো ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদী সংলগ্ন কবিরে মৎস্য খামার থেকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে টহল দলের সদস্যরা কবিরে মৎস্য খামারের প্যারাবন এলাকায় অভিযানে যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনজন পাচারকারী লুঙ্গিতে মোড়ানো একটি পলিথিনের ব্যাগ ফেলে প্যারাবনের ভেতরে পালিয়ে যায়। পরে পলিথিন ব্যাগের ভেতর থেকে ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এসবের আনুমানিক দাম ২ কোটি ১০ লাখ টাকা।
লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম আরও বলেন, উদ্ধার ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে এগুলো ধ্বংস করা হবে।