লুঙ্গির ভাঁজে এক কেজি স্বর্ণ!

যশোরের বেনাপোলে এক ব্যক্তির লুঙ্গির ভাঁজ থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দুপুরে বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ওই সোনার বারগুলো পাওয়া যায়। এ ঘটনায় মনিরুল ইসলাম (২৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বিজিবির দাবি, ওই সোনা ভারতে পাচার করা হচ্ছিল। উদ্ধার করা সোনার পরিমাণ ১ কেজি ১৬৬ গ্রাম। আটক মনিরুল বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের সাবুর আলীর ছেলে।
বিজিবি জানিয়েছে, মনিরুল ইসলাম কৃষক সেজে সীমান্তের দিকে যাচ্ছিলেন। তাঁর পরনে ছিল লুঙ্গি, কোমরে গামছা। হাতে কাঁচি নিয়ে সাইকেল চালিয়ে মনিরুল পুটখালী সীমান্ত দিয়ে ভারতের সীমান্তের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বেলা দুইটার দিকে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর শরীর তল্লাশি করে লুঙ্গির ভাঁজ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়।
বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ভারতে সোনা পাচারের এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে। আটক মনিরুলকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনা থানায় জমা দেওয়া হয়েছে।