লুট, অপহরণ ছাড়াও মাদক ব্যবসায় ৩৯ জলদস্যু বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে কক্সবাজারের সেন্ট মার্টিন পর্যন্ত দীর্ঘ সমুদ্র উপকূল ভাগাভাগি করে মাছ ধরার ট্রলার লুট ও জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে ৩৯টি জলদস্যু বাহিনী। পাশাপাশি টেকনাফ থেকে সমুদ্রপথে ইয়াবাসহ মাদক চোরাচালানেরও নিয়ন্ত্রণ করছে এরা।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতি সূত্র জানায়, মুক্তিপণ দিয়ে জেলে ও ট্রলার ছাড়িয়ে আনার সাম্প্রতিকতম ঘটনা ঘটেছে গত রোববার। এদিন সুন্দরবনের দস্যু ফরহাদ, জাহাঙ্গীর ও রাজু বাহিনীকে মুক্তিপণ দিয়ে ফেরত আনা হয়েছে কক্সবাজার শহরের টেকপাড়ার নাসির উদ্দিন, ৬ নম্বর ঘাটের ভুট্টু ও নুনিয়াছটার শফিউলের তিনটি ট্রলার।
শফিউলের ভাষ্যমতে, ১৯ নভেম্বর কক্সবাজার উপকূল থেকে ৫৪ জন জেলেসহ ওই তিনটি ট্রলার ছিনিয়ে সুন্দরবনের ভেতরে নিয়ে যায় দস্যুরা। সেখানে এখনো অসংখ্য জেলেসহ অনেক ট্রলার আটকা আছে।
মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলে ও ট্রলার মালিক সূত্র জানায়, সুন্দরবন থেকে সেন্ট মার্টিন পর্যন্ত প্রায় সাড়ে তিন শ কিলোমিটার উপকূল নিয়ন্ত্রণ করছে দস্যু রাজু, জাহাঙ্গীর, ফরহাদ, ফেরাউন, গামা, নাসির, নুর হাবিব, শহিদ, সোবহান, মইজ্যা, মোশারফ, রবি, দিদার, ইউনুছ, জাম্বু, আঞ্জু, মোবারক, রাকিব, বাচ্চু, ধলুহোসনসহ ৩৯টি বাহিনী। এসব বাহিনী সমুদ্রপথে ইয়াবা ও অন্য মাদকদ্রব্যের চোরাচালানও নিয়ন্ত্রণ করছে। এই চালান প্রধানত টেকনাফ থেকে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, বাগেরহাটসহ বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়ত হোসেন বলেন, পুরো সুন্দরবন এখন দস্যুবাহিনীর দখলে। বিশাল আয়তন ও যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় দস্যুদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
কক্সবাজার র্যা ব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন বলেন, ৩ নভেম্বর কলাতলী সাগর এলাকা থেকে এক লাখ ইয়াবা বড়িসহ একটি ট্রলার জব্দ করা হয়। এ সময় সাত পাচারকারীকেও করা হয়েছে গ্রেপ্তার।
কক্সবাজার নুনিয়াছটা কোস্টগার্ড বাহিনীর কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ৬ নভেম্বর নাজিরাটেক উপকূলে অভিযান চালিয়ে ট্রলারসহ ১৫ জলদস্যুকে আটক করা হয়েছে। জলদস্যুদের ধরতে অভিযান চলছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেন, গভীর সাগরে জলদস্যুদের পাকড়াও করার মতো আধুনিক নৌযান পুলিশের নেই। তার পরও পুলিশ দস্যুদের ধরতে অভিযান চালাচ্ছে। আর অপহৃত জেলেদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।