লুট করতে গিয়েই খুন করে মিলুকে

রাজধানীর তেজগাঁওয়ের আরজতপাড়ায় খ্রিষ্টান বৃদ্ধা মিলু মিলড্রেড গোমেজ হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল সোমবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা পুলিশকে জানান, টাকা-পয়সা লুট করতে তিনজনে ওই বাসায় গিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী মিলুকে হত্যা করেন।
গ্রেপ্তার তিনজন হলেন জামির, পারভেজ ও নাঈম। এর মধ্যে পারভেজ ও নাঈম পরিবহনকর্মী। আর মিলুদের বাসা ধোয়ামোছার কাজ করতেন জামির। জামিরকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পারভেজ ও নাঈমকে আরজতপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) রুবাইয়াত জামান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার তিনজন পরস্পরের পূর্বপরিচিত। খুনের মূল পরিকল্পনাকারী ছিলেন জামির। তাঁর পরিকল্পনা অনুযায়ী ছুরি কিনে সেদিন তারা ওই বাসায় যান। মিলুকে হত্যা করে তাঁরা কিছু স্বর্ণালংকার, মিলুর মুঠোফোন ও টাকা নিয়ে যান। সেগুলো উদ্ধার করা হয়েছে।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, জামির বাসাটির সিঁড়ি এবং মেঝে ধোয়ামোছার জন্য সেখানে যেতেন। মিলুর সন্তানেরা বিদেশে থাকেন এবং তাঁর স্বামী অসুস্থ, এ বিষয়গুলো জানতেন তিনি। অর্থের লোভে পড়েই তিনি মিলুকে হত্যার পরিকল্পনা করেন।
শুক্রবার সকালে আরজতপাড়ার নিজেদের বাসা থেকে মিলু মিলড্রেডের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তাঁর স্বামী অনিল হিউবার্ট গোমেজ (৮০) বাসায় ছিলেন। কিন্তু অসুস্থ এই বৃদ্ধ ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারেননি। পুলিশ শুক্রবারই বাসার গৃহকর্মী, বাসায় বাজার করে দেওয়া কিরণ নামের এক ব্যক্তি ও অনিলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। ঘটনার দিনই মিলুর ছোট ভাই হেনরি গোমেজ অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে মামলা করেন।
বৃদ্ধ এই দম্পতির চার ছেলে। তাঁদের মধ্যে তিনজনই কানাডাপ্রবাসী, অন্যজন থাকেন যুক্তরাষ্ট্রে। মিলু মিলড্রেড ছিলেন গৃহিণী আর অনিল হিউবার্ট একসময় মার্কিন অ্যাম্বাসিতে ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। মিলুর দুই ছেলে কানাডা থেকে এলেই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।