লুট হওয়া কোটি টাকার ওষুধ তৈরির কাঁচামাল উদ্ধার
লুট হওয়া প্রায় এক কোটি টাকার ওষুধ তৈরির কাঁচামালসহ ছয়জনকে আটক করেছে সবুজবাগ থানার পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে সবুজবাগ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন রেজাউল ইসলাম, নইমুল হক আকন্দ ওরফে বাবু, আনোয়ার হোসেন, মোহাম্মদ আশরাফ, জসিমউদ্দিন ও আবু জাহিদ।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোনালিসা বেগম বলেন, ১৭ নভেম্বর এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধ তৈরির ৮৭৫ কেজি কাঁচামাল আমদানি করে। কাঁচামালগুলো ২৫ কেজি ওজনের ৩৫টি ড্রামে ছিল। ওই দিন বিকেলে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিল্ডিং থেকে কাঁচামালগুলো খালাস করে একটি কাভার্ডভ্যানে তোলা হয়। মালামালগুলো নারায়ণগঞ্জে কারখানায় নিয়ে যাওয়ার কথা ছিল। তবে এগুলো কাভার্ডভ্যানে তোলার সময় রেজাউল মুঠোফোনে বিষয়টি নইমুলকে জানান। কাভার্ডভ্যানটি যাত্রা শুরু করলে রেজাউল গাড়িটির পিছু নেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কাভার্ডভ্যানটি সবুজবাগ এলাকায় পৌঁছালে রেজাউল মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগান। এ নিয়ে কাভার্ডভ্যানে থাকা চালকসহ দুজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। রেজাউল এ সময় চাবিটা ছিনিয়ে নেন। এরপর তিনি মোবাইল ফোনে একজনকে কল দেন। এর পরপরই মাইক্রোবাসে করে দুজন ঘটনাস্থলে যান। তাঁরা চাবিটি নিয়ে নেন এবং পুলিশের কথা বলে কাভার্ডভ্যানের দুজনকে মাইক্রোবাসে তুলে নেন। নইমুল কাভার্ডভ্যান নিয়ে সিদ্ধিরগঞ্জের দিকে চলে যান। রেজাউল মোটরসাইকেল চালিয়ে চলে যান। এ ব্যাপারে সবুজবাগ থানায় মামলা হলে পুলিশ অভিযানে নামে। তখন এই লুটের সঙ্গে জড়িত ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
মোনালিসা বেগম আরও বলেন, কাঁচামালগুলোর মধ্যে ২৩ ড্রাম কাঁচামাল যাত্রাবাড়ীর কাজলায় জসিমউদ্দিনের গুদাম থেকে উদ্ধার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করা হয়। বাকি ১২ ড্রাম কিনে মিটফোর্ডের বিভিন্ন দোকানে বিক্রি করে দেন আবু জাহিদ। এর আগে মাইক্রোবাসের মালিক আনোয়ার হোসেন ও তাঁর সহযোগী আশরাফকে গ্রেপ্তার করা হয়। নইমুল মূল পরিকল্পনাকারী এবং আগেও এমন করেছে বলে তিনি জানান।
এই চক্রের সন্ধান বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, কাভার্ডভ্যানে মালামাল নিয়ে আসা দুজনকে মাইক্রোবাসে তুলে নিয়ে মিরপুরের বেড়িবাঁধে নামিয়ে দেওয়া হয়। তাঁরা মাইক্রোবাসের নম্বরটি মনে রাখেন। সেই নম্বরের সূত্র ধরে পুলিশ এই চক্রটিকে ধরেছে।
সংবাদ সম্মেলনে ডিএমপির মতিঝিল বিভাগের সবুজবাগ অঞ্চলের সহকারী কমিশনার ওবায়দুর রহমান, সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।