লুট হওয়া দুই হাজার ব্যালট পেপার উদ্ধার
কিশোরগঞ্জে ২২ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্র থেকে লুট হওয়া প্রায় দুই হাজার সিল মারা ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা একটার দিকে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বড় ভাগ গ্রামের একটি রাস্তার পাশে বস্তায় ওই ব্যালট পেপারগুলো পাওয়া যায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলো সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের এইউ সিনিয়র মাদ্রাসাকেন্দ্রের।
কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ওই দিন নির্বাচনের পর সন্ধ্যায় ভোট গণনার সময় এক দল দুষ্কৃতকারী ওই কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা ১ হাজার ৯৬২টি সিল মারা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ওই কেন্দ্রের ফল স্থগিত করা হয়। এখন ফলাফল ঘোষণা করা হবে কি না, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ব্যালট পেপার লুটের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।