লুট হওয়া ৩৪টি গরু ও তিনটি মহিষ উদ্ধার
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদী থেকে গত মঙ্গলবার রাতে ৬৩টি গরুসহ দুটি ট্রলার লুটের ঘটনায় পুলিশ ৩৪টি গরু ও তিনটি মহিষ উদ্ধার এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গত বৃহস্পতিবার রাতে সদরপুর থানার পুলিশ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় ৩৪টি গরু ও তিনটি মহিষ উদ্ধার করে। লুটের ঘটনায় জড়িত সন্দেহে ফরিদগঞ্জের সানাউল্লাহ (৬০) ও শাহীন ব্যাপারী (৫০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অখিল কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পদ্মা নদী থেকে ট্রলারসহ গরু লুট হওয়ার ঘটনায় বুধবার রাতে থানায় মামলা হয়। মানিকগঞ্জের গরু ব্যবসায়ী আকবর হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন। এরপর গত বৃহস্পতিবার রাতে সদরপুর থানা-পুলিশ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে গরু ও মহিষ উদ্ধার এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তির ১০ দিনের রিমান্ডের আবেদন করে গতকাল শুক্রবার ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা গরু ও মহিষ পুলিশের হেফাজতে রয়েছে।
গত মঙ্গলবার ছয়জন ব্যাপারী ফরিদপুরের টোপাখোলা গরুর হাট থেকে ৬৩টি গরু কিনে ট্রলারে করে কুমিল্লা নিয়ে যাওয়ার পথে ফরিদপুরের সদরপুর উপজেলার শয়তানখালি এলাকায় ডাকাতির কবলে পড়েন।