কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে কিশোরগঞ্জের ভৈরবের ভবানীপুর গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক পক্ষ মামলা করেছে। গত রোববার শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ভৈরব থানায় মামলা করেছেন। এর আগে অপর পক্ষ একটি হত্যা মামলা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলা, ভাঙচুর ও লুটতরাজের অভিযোগে হওয়া ওই মামলায় শ্রীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, একই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জালাল উদ্দিন, আওয়ামী লীগ-সমর্থক আসাদুজ্জামান, বাদশা মিয়া, আজিজুল হকসহ ১৭৩ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দলে প্রভাব বিস্তার নিয়ে জয়নাল ও হুমায়ুনের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। নবীন লীগের কমিটি গঠন নিয়ে ১৫ নভেম্বর রাত থেকে পক্ষ দুটির মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে জয়নালের পক্ষের রায়হান নামের এক তরুণ নিহত হন। এ ঘটনায় গত শুক্রবার রায়হানের বড় ভাই মস্তু মিয়া বাদী হয়ে হুমায়ুনের পক্ষের হুমায়ুন কবিরকে প্রধান আসামি করে ৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এর আগে ১৭ নভেম্বর পুলিশ বাদী হয়ে পুলিশ লাঞ্ছিত করার অভিযোগে ৫৫০ জনকে আসামি করে আরও একটি মামলা করে।