লুটপাটের কারণে বেড়িবাঁধ টেকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মহেশখালীর উপকূলের বেড়িবাঁধগুলো লন্ডভন্ড হয়ে যায়। এরপর কয়েকবার বেড়িবাঁধ নির্মাণ করা হয়। কিন্তু বাঁধ নির্মাণে লুটপাটের কারণে তা টেকে না। ঝড়ে ও বন্যায় বিলীন হয়ে যায় বাঁধ। এলাকার মানুষ টেকসই বেড়িবাঁধ চায়।
গতকাল শনিবার বিকেলে কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের সরইতলা ভাঙা বেড়িবাঁধের ওপর ভয়াল ২৯ এপ্রিল স্মরণে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
ধলঘাট ইউনিয়ন পরিষদের আয়োজনে মানববন্ধনে অন্তত এক হাজার শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থী আরমিনা আক্তার বলেন, সরইতলা ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের সময় পানি ঢোকায় এলাকার ৫০০ একর জমিতে লবণ চাষ হচ্ছে না। এ কারণে বেকার হয়ে পড়েছেন এই এলাকার কয়েক হাজার লবণচাষি।
ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল আলম বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর কয়েক দফা বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। প্রতিবারই নানা অনিয়ম হয়েছে। নতুন করে নির্মাণ করা বেড়িবাঁধ এক বছরের বেশি টেকে না। বর্ষার জোয়ারের ধাক্কায় ভেঙে যায় বাঁধ।
ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, ’৯১ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর যতোবার বেড়িবাঁধ সংস্কার হয়েছে, ততোবারই লুটপাট হয়েছে। বর্ষার আগে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের কাজ শেষ না করলে পুরো এলাকা সাগরে তলিয়ে যাবে।
মানববন্ধনে বক্তব্য দেন ধলঘাট আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম, মুবিনুল হক, সরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক, ফরিদুল আলম, তোফায়েল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, নাজেম উদ্দিন, আবুল কালাম, মোহাম্মদ কায়েস, আরমানুল হক, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহজাহান, শিক্ষার্থী পিয়াস কান্তি শীল প্রমুখ।