লুটপাটের পর অ্যাম্বুলেন্সের বাতি জ্বালিয়ে গণডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছরের অসুস্থ সন্তানকে অ্যাম্বুলেন্সে নিয়ে গভীর রাতে হাসপাতালে ছুটছিল একটি পরিবার। পথে ডাকাতেরা গাছ ফেলে অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে। তারা শিশুটির মা ও দুই মামাসহ চালকের সর্বস্ব লুট করে। তার পরও অসুস্থ শিশুটির কান্নায় ডাকাতদের মন গলেনি।
ডাকাতেরা অ্যাম্বুলেন্স চালককে বাধ্য করে লাল বাতি জ্বালিয়ে দাঁড়িয়ে থাকতে। ওই আলোকে দূর থেকে টহল পুলিশ মনে করে নিশ্চিন্তে সড়কটি দিয়ে এগিয়ে আসা অন্যান্য গাড়িতেও লুটপাট চালায় ডাকাতদল। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইছাপুর সেতুর কাছে পেন্নাই-বাবুরহাট সড়কে গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ গণডাকাতি হয়।
অসুস্থ শিশুটির মামা বাবুল মিয়া (১৮) জানান, রাত ১২টার দিকে দাউদকান্দির বিতেস্বর ইউনিয়নের বীরবাগগোয়ালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী নূর হোসেনের দেড় বছরের মেয়ে সুমাইয়া আক্তার হঠাৎ অসুস্থ্ হয়ে পড়ে। খিচুনি হতে থাকে। অ্যাম্বুলেন্সে করে দ্রুত সুমাইয়াকে নিয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হন তাঁরা। রাত একটার দিকে গাড়িটি সড়কের ইছাপুর সেতুর কাছে পৌঁছে। এ সময় রাস্তায় গাছ ফেলে মুখোশধারী একদল ডাকাত সেটির গতিরোধ করে।
বাবুল মিয়া আরও জানান, ডাকাতেরা সংখ্যায় অন্তত ৩০ জন ছিল। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে অ্যাম্বুলেন্স চালকসহ তাঁদের কাছ থেকে ৩৬ হাজার টাকা, ছয়টি মুঠোফোন সেট ও প্রায় দেড় ভরি স্বর্ণালংকার লুট করে। তার পরও অ্যাম্বুলেন্সটিকে আটকে রেখে চালককে লাল লাইট জ্বালিয়ে রাখার নির্দেশ দেয়। প্রায় এক ঘণ্টা পর ওই রাস্তা দিয়ে আরও পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা এগিয়ে এলে সেগুলেতেও লুটপাট চালায় ডাকাতেরা। দূর থেকে ওই অটোরিকশার চালকেরা অ্যাম্বুলেন্সের লাল লাইটকে পুলিশের পিকআপ ভ্যানের আলো ভেবে নিশ্চিন্তে যাওয়ার সময় ডাকাতদের কবলে পড়ে। অবশেষে রাত দুইটার দিকে ডাকাতেরা অ্যাম্বুলেন্সটি ছাড়ে।
হাসপাতালে ডাকাতির বর্ণনা দিতে গিয়ে সুমাইয়ার মা বলেন, ‘আমাদের সব কিছু নেওয়ার পর ডাকাতদের বহু অনুরোধ করি অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিতে। কিন্তু ওরা রাম দা, ছুরি ধরে আমাদের চুপ করে থাকতে বলে।’
একই রাতে আমিরাবাদ-কচুয়া সড়কের দাউদকান্দির মোহাম্মদপুর এলাকায় আরও তিনটি অটোরিকশায় ডাকাতি হয়েছে বলে এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও কয়েকজন অটোরিকশাচালক বলেন, এ দুটি সড়কে প্রায় প্রতি রাতেই ডাকাতি হয়। দুটি রাস্তাই নয় কিলোমিটারের মতো দীর্ঘ। এক পাশে টহল পুলিশ থাকলে আরেক পাশে ডাকাতি চলে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, ‘ওই গণডাকাতির খবর পেয়েছি। ডাকাতদের আটকের চেষ্টা চলছে।’