লুণ্ঠিত অস্ত্র নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা মিয়ানমারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) জন্য কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার আনসার ক্যাম্প থেকে অস্ত্র লুট করা হয়েছে। লুট করা ১১টি অস্ত্র নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা মিয়ানমারের আরাকান পাহাড়ে অবস্থান করছে। আর আনসার ক্যাম্পে হামলার মূল পরিকল্পনাকারী হলেন পাকিস্তানের একজন নাগরিক। এদিকে এ ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ এসব কথা জানিয়েছে।

গত ১২ মে রাতে সন্ত্রাসীরা নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের শালবন আনসার ক্যাম্পে হামলা চালায়। সন্ত্রাসীরা আনসার কমান্ডার আলী হোসেনকে হত্যা করে অস্ত্রাগার থেকে ১১টি অস্ত্র ও ৬৭০টি গুলি লুট করে নিয়ে যায়।

সন্ত্রাসীদের ধরতে ১৩ মে থেকে যৌথ বাহিনী টেকনাফের পাহাড় ঘিরে অভিযান চালাচ্ছে। বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. সাখাওয়াত হোসেন। তিনি গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, লুণ্ঠিত ১১টি অস্ত্র ও গুলি নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা মিয়ানমারে অবস্থান করছে। নাফ নদী অতিক্রম করে সন্ত্রাসীরা টেকনাফ থেকে মিয়ানমারে গিয়ে আত্মগোপন করে। টেকনাফ থেকে মিয়ানমারে পালানোর জন্য নৌকা সংগ্রহ করে দেয় টেকনাফের রঙিখালীর সন্ত্রাসী নুরুল আবছার। তিনি বলেন, গত সোমবার রাতে টেকনাফের হোয়াইক্যং পাহাড়ের চাকমাপল্লি থেকে নুরুল আবছারকে গ্রেপ্তার করে পুলিশ। আবছার আনসার ক্যাম্পে হামলা ও সন্ত্রাসীদের মিয়ানমারের পালানো-সম্পর্কিত সব তথ্য পুলিশকে দিয়েছেন।

মো. সাখাওয়াত হোসেন জানান, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার ও রোহিঙ্গা সন্ত্রাসীদের ধরতে বিজিবির মাধ্যমে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপিকে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক হবে। বৈঠকে আনসার ক্যাম্পে হামলা ও অস্ত্র লুটের ঘটনার মূল পরিকল্পনাকারী পাকিস্তানের নাগরিক ওমর ফারুকের ব্যাপারে আলোচনা হবে। ওই ব্যক্তিও মিয়ানমারের জঙ্গলে অবস্থান করছেন। তিনি আরএসওর সঙ্গে জড়িত। অস্ত্রগুলো আরএসওর জন্য লুট করা হয়েছে। ওমরের অন্যতম সহযোগী হলেন নুরুল আবছার।

পুলিশ সূত্রের ভাষ্যমতে, নুরুল আবছার, নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের সন্ত্রাসী মো. হোসেন ওরফে রফিক ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের সন্ত্রাসী খায়রুল আমিনের নেতৃত্বে ৩৬ জনের একটি দল ১২ মে রাতে আনসার ক্যাম্পে হামলা চালায়। এরপর তারা অস্ত্র নিয়ে ১৩ মে রাতে নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের জঙ্গলে আত্মগোপন করে।

কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, গ্রেপ্তার নুরুল আবছারের কাছ থেকে আনসার ক্যাম্প থেকে লুট করা একটি মুঠোফোন ও একটি টর্চলাইট উদ্ধার করা হয়। গতকাল নুরুল আবছার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সিরাজ উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দিতে নুরুল আবছার আনসার ক্যাম্পে হামলা ও অস্ত্র লুটের বিস্তারিত তুলে ধরেন। জবানবন্দিতে তিনি বলেন, হামলার সঙ্গে তিনি (আবছার) জড়িত ছিলেন। সন্ত্রাসীদের সঙ্গে তিনি নিজেও মিয়ানমারে পালিয়ে যান। তিন দিন আগে মিয়ানমার থেকে টেকনাফ ফেরেন। এরপর পুলিশের হাতে ধরা পড়েন।

জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, আবছারের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে টেকনাফ থানায় চারটি মামলা আছে।