লেকচারের প্রকাশকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা ও বই বাজেয়াপ্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিকৃত ইতিহাস তুলে ধরায় লেকচার প্রকাশনীর প্রকাশকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা এবং ওই¡বইয়ের কপি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সোমবার বিকেলে এ-সংক্রান্ত ফাইলে সই করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
সম্প্রতি একাধিক জাতীয় দৈনিকে ‘একাদশ শ্রেণীর সহায়ক গ্রন্থে বঙ্গবন্ধুর আত্মজীবনীর অংশে বিকৃত তথ্য’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে বলা হয়, লেকচার প্রকাশনীর নতুন শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক (একাদশ-দ্বাদশ) স্তরের বাংলা সহায়ক বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে। এসব বইয়ের পাঁচ থেকে সাত লাখ কপি সারা দেশে বিক্রি হচ্ছে। একটি বইয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনীর অংশে ২৬৫ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ‘শেখ মুজিবুর রহমান শোষণমুক্ত স্বপ্নের পাকিস্তান প্রতিষ্ঠার জন্য মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন।’ বইটির ২৫৮ নম্বর পৃষ্ঠায় বঙ্গবন্ধুর মায়ের নাম সায়েরা খাতুনের পরিবর্তে সাহেরা খাতুন উল্লেখ করা হয়েছে।
এসব সংবাদ প্রকাশের পর ওই বই সংগ্রহ করে তদন্ত সাপেক্ষে ওই প্রকাশনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন বিভাগকে নির্দেশ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে লেকচার প্রকাশনীর বিরুদ্ধে মামলা ও সংশ্লিষ্ট বইয়ের কপি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিমন্ত্রীর নির্দেশের পর বিষয়টি মন্ত্রণালয়ের আইন বিভাগে পাঠােনা হয়। এরপর আইন বিভাগ থেকে উচ্চতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের রাজনৈতিক অনু বিভাগে হস্তান্তর করা হয়। জানা গেছে, লেকচার প্রকাশনীর বিরুদ্ধে দু-এক দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।