লেকপাড়ে অবৈধ কাঁচাবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড্ডা গুদারাঘাট-সংলগ্ন গুলশান লেকপাড়ে অবৈধভাবে বসানো হয়েছে সবজির বাজার। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
বাড্ডা গুদারাঘাট-সংলগ্ন গুলশান লেকপাড়ে অবৈধভাবে বসানো হয়েছে সবজির বাজার। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

বাড্ডা গুদারাঘাট-সংলগ্ন গুলশান লেকপাড়ে অবৈধভাবে বসানো হয়েছে সবজির বাজার। সেই বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে লেকের পানিতে।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, বাড্ডা গুদারাঘাটের পাশে লেকপাড়ের হাঁটার জায়গা ঘিরে গড়ে উঠেছে ৩০টির বেশি দোকান। সেখানে সবজির দোকানের পাশাপাশি আছে মৌসুমি ফলের দোকান। কাঁচাবাজারের সব ময়লা-আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে লেকের পানিতে। তা ছাড়া লেকপাড়ে হাঁটার রাস্তার এক পাশে লাগানো নানা জাতের গাছ নষ্ট হয়ে যাচ্ছে। দোকানের মালামালের কারণে ভেঙে গেছে কিছু গাছ।
স্থানীয় লোকজন বলেন, দুই মাস আগেও এখানে দোকান ছিল হাতে গোনা চার-পাঁচটি। খাচায় সবজি নিয়ে বসতেন ব্যবসায়ীরা। কিন্তু কিছুদিনের মধ্যে দোকানের সংখ্যা বেড়ে যায়। লেকপাড়ে বাঁশ পুঁতে মাচা তৈরি করে দোকান বসতে থাকে। কিছুদিন পর ত্রিপল ও পলিথিন দিয়ে ছাউনিও দিয়ে ফেলেন দোকানিরা।
ওই পথ দিয়ে নিয়মিত চলাচলকারী মধ্য বাড্ডার বাসিন্দা মো. সাখাওয়াত হোসেন বলেন, কয়েক মাস আগেও এখানে চার-পাঁচটি দোকান ছিল। তবে ছাউনি ছিল না। এখন দোকানের পরিমাণ বাড়ছে। পাশাপাশি ত্রিপল কিংবা পলিথিনের ছাউনি ব্যবহার করে দখল পোক্ত করছেন দোকানিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক লেকপাড়ের একজন সবজি ব্যবসায়ী বলেন, ‘আমরা গরিব মানুষ। অনেক কষ্টে এখানে বসছি। তারপরও সারা দিন কতজনারে যে চান্দা দিতে হয় তার কোনো হিসাব নাই।’ কীভাবে দোকান বসালেন? এ প্রশ্নের জবাবে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গনি প্রথম আলোকে বলেন, লেকপাড়ে বাজার বসানোর বিষয়ে তিনি কিছু জানেন না।
স্থানীয় একটি সূত্রমতে, লেকপাড়ের দোকানিরা টহল পুলিশকে নিয়মিত টাকা দেয়।
তবে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রথম আলোকে বলেন, ‘আমরা জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে রাস্তা থেকে অবৈধ, অস্থায়ী দোকানপাট উঠিয়ে দিচ্ছি। সুতরাং দোকানগুলো থেকে পুলিশের টাকা নেওয়ার প্রশ্নই আসে না।’
এ ব্যাপারে জানতে চাইলে গুলশান লেক প্রকল্পের পরিচালক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান বলেন, সেখানকার দোকানিদের আগে কয়েক দফা উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু পরে তাঁরা আবার বসে যান। ঈদের পর আবার অভিযান চালানো হবে। তিনি বলেন, লেকপাড়ে সড়ক তৈরির কাজ শেষ হলে তাঁরা এমনিতেই উঠে যেতে বাধ্য হবেন।