লেখাপড়ায় বাধা দেওয়ায় এ কেমন প্রতিবাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওয়া খাতুন
হাওয়া খাতুন

লেখাপড়া শেষ করে শিক্ষকতার স্বপ্ন ছিল মেয়েটির। ইচ্ছা ছিল, বাবা-মায়ের দরিদ্র সংসারের হাল ধরবেন। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে অনার্সে উঠে সে লক্ষ্য পূরণে এগিয়েও যান। কিন্তু মাঝপথেই তাঁকে জোর করে বিয়ে দেওয়া হয়।
এরপরও পড়ালেখা চালিয়ে যাচ্ছিলেন মেয়েটি। কিন্তু অভিযোগ ওঠে, তাতে বাদ সাধে শ্বশুরবাড়ির পরিবার। আর মানতে পারেননি। ট্রেনের নিচে ঝাঁপিয়ে শেষমেশ আত্মহত্যাই করলেন তিনি। তাঁর এভাবে মৃত্যুর জন্য স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ করেছে মেয়েটির পরিবার। পরিবারের দাবি, তাদের মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা ছিল।
জীবন দিয়ে এমন প্রতিবাদ করা মেয়েটি হলেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্সের ছাত্রী অদম্য মেধাবী হাওয়া খাতুন। মেয়েটির স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছিল প্রথম আলো।
গত বুধবার দুপুর পৌনে ১২টায় বগুড়া শহরতলির কইচর গফুর সড়কের পাশের রেললাইনে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন হাওয়া। বগুড়া শহরতলির বড় বেলাইল গ্রামের ভ্যানচালক আবদুল হান্নানের মেয়ে হাওয়া ২০১২ সালের এসএসসি পরীক্ষায় বগুড়ার পল্লীমঙ্গল উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ও ২০১৪ সালে নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন।
পরিবার জানায়, গত বছর এইচএসসি পরীক্ষা শেষ না হতেই বাবা আবদুল হান্নান মেয়ে হাওয়া খাতুনের বিয়ে ঠিক করেন। সে বিয়েতে মত ছিল না তাঁর। মেয়েটার একটাই কথা ছিল, আগে পড়াশোনা। তারপর বিয়ে। কিন্তু পরিবারের চাপে শেষ পর্যন্ত হার মানতে হয় হাওয়াকে। তবে মেয়েটির শর্ত ছিল, বিয়ের পর পড়াশোনা করতে দিতে হবে। নিজ পরিবার ও শ্বশুরবাড়ির লোকজন তাতে রাজি হয়। বিয়ের দুই মাস পর এইচএসসি পরীক্ষার ফলাফলে হাওয়া ঠিকই জিপিএ-৫ পেয়েছিলেন। এরপর আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা বিভাগে অনার্সে ভর্তি হন।
পরিবারের অভিযোগ, অনার্সে ভর্তির পর শ্বশুরবাড়ি গিয়ে ভুল বুঝতে পারেন হাওয়া। বাড়ির লোকজন পড়াশোনা বন্ধ করতে বলেন। বাধা দেন কলেজে যাতায়াতে। বাধা উপেক্ষা করেই কলেজে যাতায়াত করতেন তিনি। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এতে কলেজে যেতে না দিয়ে একরকম বাড়িতে আটকে রাখা হয় তাঁকে। নানা কৌশলে গত বুধবার কলেজে যান টেস্ট পরীক্ষার ফি জমা দিতে। কিন্তু জানতে পারেন সময় আগেই পেরিয়ে গেছে, একটা পরীক্ষাও হয়ে গেছে।
স্বপ্নভঙ্গের এ ধাক্কা মেনে নিতে পারেননি হাওয়া। কলেজ থেকে কয়েক কিলোমিটার দূরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন চার মাসের অন্তঃসত্ত্বা হাওয়া।
বড় বেলাইল গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাওয়া খাতুনের মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেন। অর্থকষ্ট আর পরিবারের দৈন্যের কারণে ঠিকমতো খাবার জুটত না হাওয়ার। নানা প্রতিকূলতাকে জয় করেই এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন তিনি। অদম্য মেধাবীদের জন্য প্রথম আলোর দেওয়া বৃত্তিতে পড়াশোনা চালিয়ে এইচএসসিতেও জিপিএ-৫ পান। পরীক্ষা চলাকালে গত বছরের ৬ জুলাই তাঁকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়।
বাবা আবদুল হান্নান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মেয়েটা আমার পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। পড়ার খরচ জোগাতে ছোট ছোট বাচ্চাদের প্রাইভেট পড়াত। সংসারে নুন আনতে পান্তা ফুরায়। বড় ছেলেটা বিকম শ্রেণিতে পড়ে। টাকার অভাবে পড়াশোনার পাশাপাশি সেও একটা দরজির দোকানে সেলাইয়ের কাজ করে।’
বাবা বলেন, ‘হাওয়ার এইচএসসি পরীক্ষা চলছিল। এক আত্মীয়ের পীড়াপীড়িতে মেয়েটাকে বিয়ে দিতে রাজি হলাম। জামাই আজিজুল হক কলেজের পাশে কামারগাড়ি রেলগেটে পোশাকের ব্যবসা করে।’
মা ডলি বেগম বলেন, ‘কলেজে ফি দিতে না পেরে মন খারাপ করে সাড়ে ১০টার দিকে মেয়েটা সোজা আমার কাছে আসে। অনেকক্ষণ কান্নাকাটি করে। শাশুড়ি-জামাই পড়াশোনা বাদ দিতে চাপ ও নানাভাবে নির্যাতন করছে বলে জানায়। মিনিট দশেক পর তড়িঘড়ি শ্বশুরবাড়ির কথা বলে বেরিয়ে যায়। ঘণ্টা দু-এক পর খবর আসে মেয়েটা ট্রেনে ঝাঁপ দিয়েছে।’
তবে হাওয়া খাতুনের স্বামী বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়ার সেলিম খলিফা মুঠোফোনে প্রথম আলোকে এসব অভিযোগের কথা অস্বীকার করে বলেন, ‘পড়াশোনার প্রতি অন্য রকম এক ঝোঁক ছিল হাওয়ার। এ জন্য আমি কখনো ওকে পড়াশোনা বাদ দিতে বলিনি। বুধবার টেস্ট পরীক্ষার ফি বাবদ ওকে ৫০০ টাকা দিই। নিজে মোটরসাইকেলে কলেজে নামিয়ে দিয়ে আসি।’
বগুড়া রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, ‘ওই কলেজছাত্রীর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’