লেনদেনের বিরোধে ভায়রার হাতে মৃত্যু

বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দীঘলকান্দী গ্রামের আবুল হাশেম (৩০)। প্রায় আট বছর আগে জেলার শেরপুর উপজেলায় বিয়ে করেন তিনি। এরপর নিজেই ঘটকালি করে একই গ্রামের মিজানুর রহমানের (২৭) সঙ্গে ছোট শ্যালিকার বিয়ে দেন হাশেম। টাকাপয়সার লেনদেন নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্প্রতি মিজানুর রহমানের ঝগড়া-বিবাদ হয়। এর জেরে গতকাল বুধবার মিজানুরের মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করেন আবুল হাশেম। আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর আজ বৃহস্পতিবার ভোরে মিজান মারা যান।
এ ঘটনায় মিজানের মা হামিদা বেগম বাদী হয়ে সোনাতলা থানায় মামলা করেছেন।
পরিকল্পিতভাবে মিজানের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন হামিদা বেগম। তিনি বলেন, বুধবার বেলা সাড়ে তিনটার দিকে কিয়াছের মোড়ে ওত পেতে ছিলেন আবুল হাশেম। এ সময় তাঁর ছেলে মিজানকে দেখতে পেয়ে গাছের ডাল দিয়ে বেধড়ক পিটিয়ে মাথা থেঁতলে দেন হাশেম। হামলা চালিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন হাশেমকে ধরে ফেলে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনার জেরে হাশেম তাঁর ছোট ভায়রা মিজানুরকে হত্যা করেছেন। এ ঘটনায় মিজানের মায়ের দায়ের করা মামলায় হাশেমসহ চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।