লেম্বুরচর জঙ্গলে যুবকের হাত বাঁধা লাশ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের সংরক্ষিত লেম্বুরচর জঙ্গল থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মহিপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করেছে।
মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, স্থানীয় লোকজন লেম্বুরচরের জঙ্গলের ভেতর ওই লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মহিপুর থানায় নিয়ে আসে। অজ্ঞাতনামা ওই লাশের দুই হাত পেছন দিক থেকে বাঁধা ছিল এবং পরনে জিনসের প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি ছিল।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, এটি যে হত্যাকাণ্ড, তাতে কোনো সন্দেহ নেই। কেউ হত্যা করে লাশটি জঙ্গলের মধ্যে ফেলে রাখতে পারে। কুয়াকাটায় বেড়াতে আসা কোনো পর্যটকের লাশ কি না, তা-ও খুঁজে দেখা হবে। তিনি জানান, এ ঘটনায় মহিপুর থানায় হত্যা মামলা করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য আজ সকালে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।