লোকলজ্জায় স্কুলে যাচ্ছে না দুই ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে একটি গ্রামে স্কুলপড়ুয়া দুই ছাত্রীর সম্মানহানির ঘটনায় ‘লোকলজ্জায়’ বিদ্যালয়ে যাচ্ছে না ওই দুই মেয়ে। উপজেলার গাড়িদহ ইউনিয়নের একটি বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রী ওরা। গত শনি ও বুধবার ঘটনা দুটি ঘটে।
গত বৃহস্পতিবার বিকেলে ও রাতে দুই ছাত্রীর পরিবার থেকে শেরপুর থানা-পুলিশের কাছে পৃথক দুটি অভিযোগ করা হয়েছে।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বলেন, দুটি অভিযোগের মধ্যে একটিতে তিনজনকে এবং অপরটিতে একজনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলেই এক মামলায় উপজেলার বনমরিচা গ্রামের জামাল উদ্দিন ফকিরের ছেলে আবদুল খালেককে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েটির বাবা বলেন, বেশ কিছুদিন ধরে তাঁর মেয়ে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে বনমরিচা গ্রামের মো. রানা (২৮), আবদুল খালেক (২০) ও দশশিকা গ্রামের মো. রবিন (২২) উত্ত্যক্ত করতেন। গত শনিবার তাঁর মেয়ে বাড়ির টিউবওয়েলে গোসলের সময় গোপনে ওই তিন ছেলে মুঠোফোন দিয়ে সে দৃশ্য ভিডিও করেন। গত সোমবার পথে ওই বখাটেরা মেয়েটিকে তার নগ্ন ভিডিও দেখিয়ে তাঁদের কথা শুনতে বলেন। না হলে ভিডিওটি সবার মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে গত বুধবার বিভিন্ন যুবকের মুঠোফোনে ভিডিওটি ছড়িয়ে পরে।
এদিকে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েটির মা বলেন, একটি কোচিং সেন্টারের শিক্ষক মো. বিপ্লবের (২৩) কাছে তাঁর মেয়ে পড়াশোনা করত। মেয়ে শিক্ষকের আচরণ আপত্তিকর বলে তিনি মেয়েকে কোচিং সেন্টার থেকে ছাড়িয়ে আনেন। কিন্তু বুধবার রাতে বিপ্লব মেয়ের ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়ের চিৎকারে তিনি ও তাঁর স্বামী ছুটে গেলে বিপ্লব দৌড়ে পালান।
গতকাল শুক্রবার ওই দুই ছাত্রীর পরিবার থেকে জানানো হয়, এসব ঘটনা গ্রামের সব বয়সী মানুষ জেনে গেছে। লজ্জায় তাদের মেয়েরা বাড়ি থেকে বের হতে পারছে না।
ওই দুই ছাত্রীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেন, পাঁচ দিনের মধ্যে এ ধরনের দুটি ঘটনায় তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ওই দুই ছাত্রী ঘটনার পর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।