লোভে পড়ে শ্রীঘরে
না জেনে টাকার বিনিময়ে এক ব্যক্তির দেওয়া গাঁজা বহন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক নারী। গতকাল বুধবার রাজবাড়ীর রেলগেট শ্রীদাম দত্তপাড়া থেকে গোয়ালন্দঘাট থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া নারী হলেন রাশেদা বেগম (৩৫)। তাঁর বাড়ি জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে।
থানার উপপরিদর্শক (এসআই) রফিক উদ্দিন জানান, শ্রীদাম দত্তপাড়ায় তল্লাশিকালে একটি যাত্রীবাহী বাসের আসনে তাঁকে দেখে সন্দেহ হয়। পরে তাঁর কাপড়ের পোঁটলা থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়।
রাশেদা বেগম জানান, স্বামী তাঁকে ও তাঁদের একমাত্র মেয়েকে রেখে চলে গেলে তিনি স্থানীয় ডাল মিলে শ্রমিকের কাজ নেন। মঙ্গলবার দুপুরে স্থানীয় মিলন নামের এক যুবক তাঁকে ছোট কাপড়ের পোঁটলা হাতে ধরিয়ে ঢাকার গাবতলীর ফজলু নামের একজনের কাছে পৌঁছে দিতে অনুরোধ করেন। এ জন্য তাঁকে বাসের টিকিট, খাওয়ার খরচ দেওয়াসহ অতিরিক্ত ৫০০ টাকা দেওয়ার কথা জানান। এ রকম ছোটখাটো কাজের বিনিময়ে ১৪ থেকে ১৫ হাজার টাকা রোজগার সম্ভব বলে মিলন জানান। এরপর বুধবার সকালে কুষ্টিয়া থেকে আসা একটি বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। কিন্তু পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এসআই রফিক উদ্দিন বলেন, ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে তাঁকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।