লোভে পড়ে মেয়েকে হত্যার অভিযোগ
নাটোরের বড়াইগ্রামের মুনপীরিত গ্রামে এক বাবা তাঁর তিন মাস বয়সী মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে।
স্বপ্নে নির্দেশ পেয়ে প্রচুর টাকা পাওয়ার আশায় এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছেন বাবা। মেয়ের নাম নুসরাত রুকাইয়া। শিশুটি মুনপীরিত গ্রামের নাজমুল হুসাইনের মেয়ে। নাজমুলের চাচা আলীফ হোসেন দাবি করেন, তাঁর ভাতিজা মানসিকভাবে অসুস্থ।
ঢাকায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শফিকুর রহমান বলেন, কখনো কখনো মানুষ আবেগাপ্লুত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তখন তিনি কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তা বুঝতে পারেন না। এমন একটি পরিস্থিতিতে নাজমুল তাঁর মেয়েকে হত্যা করতে পারেন।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, গতকাল ভোরে নাজমুল (৩২) তাঁর মেয়ে রুকাইয়াকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। তিনি একজন কাঠমিস্ত্রি। এলাকায় তাঁর আসবাব বিক্রির দোকান আছে।
রুকাইয়ার মা মঞ্জুয়ারা বেগম দাবি করেন, তাঁর স্বামী স্বাভাবিক জীবনযাপন করতেন। গত কয়েক দিন ধরে গভীর রাতে ঘুম থেকে উঠে বিড়বিড় করে তিনি কী যেন বলতেন। মাঝেমধ্যে বাড়ির বাইরে চলে যেতেন। গত বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে দুই মেয়ে ইভা ও রুকাইয়াকে নিয়ে তাঁরা ঘুমিয়ে পড়েন। ভোর পাঁচটার দিকে হঠাৎ তাঁর স্বামী রুকাইয়াকে কোলে নিয়ে বাড়ির বাইরে চলে যান। আবার ঘরে ফিরে আসবেন ভেবে তিনি বের হননি। এভাবে এক ঘণ্টা কেটে যাওয়ার পর তিনি বাইরে এসে রুকাইয়ার লাশ দেখতে পান। তিনি আরও বলেন, ‘আমাদের দুই মেয়ে ইভা ও রুকাইয়া। ইভা তৃতীয় শ্রেণিতে পড়ালেখা করে। দুই মেয়ের মধ্যে রুকাইয়াকে বেশি ভালোবাসত ওর বাবা। কেন সে ওকে এমন নিষ্ঠুরভাবে মারল তা ভাবতে পারছি না।’
খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে এবং রুকাইয়ার লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন জানান, এ ব্যাপারে গতকাল দুপুর পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।