লোহাগড়ায় টিআরের বরাদ্দ লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর) প্রকল্পের বরাদ্দ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, ঈদগাহ, ক্লাব ও রাস্তা সংস্কারের জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, লোহাগড়ায় গত জুন মাসের শুরুর দিকে টিআর কর্মসূচির আওতায় নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমানের অনুকূলে ৬৪টি প্রকল্পের জন্য ১০৪ টন গম বরাদ্দ দেওয়া হয়। ৩০ জুনের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। প্রতি টন গমের সরকারি মূল্য ২৯ হাজার ৬৭৬ টাকা।
শালনগর ইউনিয়নের রামকান্তপুর পূর্বপাড়া জামে মসজিদ সংস্কার প্রকল্পে দেড় টন গম বরাদ্দ দেওয়া হয়। সরেজমিনে দেখা গেছে, এ মসজিদে কোনো সংস্কারকাজ হয়নি। মসজিদের তত্ত্বাবধায়ক মো. আকতার হোসেন বলেন, ‘বরাদ্দের কথা এই প্রথম শুনলাম।’ এ সময় মসজিদের মুসল্লিরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। প্রকল্পের সভাপতি শিয়রবর গ্রামের ব্যবসায়ী আবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘কাজ করে দেব।’
মল্লিকপুর ইউনিয়নের ডি-পাঁচুড়িয়া ফকিরবাড়ি কবরস্থান সংস্কার এবং ডি-পাঁচুড়িয়া দাখিল মাদ্রাসাসংলগ্ন কবরস্থান সংস্কার প্রকল্প দুটি একই কবরস্থান। প্রকল্প দুটিতে দুই টন করে চার টন গম বরাদ্দ করা হয়েছে। এটি স্থানীয় ইউপি সদস্য মো. নূরুজ্জামানের পারিবারিক কবরস্থান। তা-ও নামমাত্র মাটি ফেলে পুরো বরাদ্দ আত্মসাৎ করেছেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। নূরুজ্জামান বলেন, প্রকল্পে বিভিন্ন খরচ আছে। এর পরই তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।
দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া রুবেল ঘোষের বাড়ি থেকে কৃষ্ণ ঘোষের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার এবং লুটিয়া হোপ ক্লাবের মাঠে মাটিভরাট প্রকল্পে যথাক্রমে দুই ও দেড় টন গম বরাদ্দ করা হয়। এই দুই প্রকল্প কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য শেখ ফিরোজ আলম।
সরেজিনে দেখা গেছে, ক্লাবের কোনো মাঠ নেই। এক শতাংশ জমিতে ক্লাবের নামে একটি টিনের ঘর আছে। সাইনবোর্ড নেই। প্রকল্প দুটিতে নামমাত্র কাজ হয়েছে বলে স্থানীয় ব্যক্তিরা জানান। ফিরোজ আলম মুঠোফোনে বলেন, ‘ভাই, কাজ করেছি কোনোরকমে। কারণ, টনে পাঁচ হাজার টাকা করে দুটি প্রকল্পে ১৫ হাজার টাকা হাতে পেয়েছি।’
মল্লিকপুর ইউনিয়নের দোয়া মল্লিকপুর কালীমন্দির সংস্কার প্রকল্পে দুই টন গম বরাদ্দ করা হয়। এ মন্দিরের সার্বিক তত্ত্বাবধায়ক স্কুলশিক্ষক দিলীপ ভট্টাচার্য্য। তিনি বলেন, ‘মন্দিরে বরাদ্দের খবর জেনে পিআইও অফিসে খোঁজ নিয়ে দেখি, অন্য এলাকার একজন কলেজছাত্রকে প্রকল্প কমিটির সভাপতি করা হয়েছে।’
পিআইও মো. নজরুল ইসলাম বলেন, ‘জুন মাসে দু-একটা প্রকল্প পরিদর্শন করেছি। এখন অন্য প্রকল্পগুলো দেখব। অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’