লোহাগড়ায় মধুমতীতে তিনটি আড়াআড়ি বেড়া
নড়াইলের লোহাগড়া উপজেলার রামকান্তপুর ও ধানাইড় ঘাটে মধুমতী নদীতে বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে। তিন মাস ধরে নদীর তিন জায়গায় আড়াআড়ি বাঁশের বেড়া দিয়ে অবৈধভাবে মাছ ধরা হচ্ছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক অলোকেশ কুমার ঘোষ বলেন, মা ইলিশ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে। এরপর ডিম থেকে বেরিয়ে পোনা সমুদ্রে গিয়ে বড় হয়। এখানে এ মাছ এবং অন্যান্য পোনা মাছ ধরা পড়লে ইলিশসহ দেশি প্রজাতির মাছ ধ্বংস হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, কোনো নদীতে বা প্রবহমান স্রোতোধারায় বাঁধ দিয়ে মাছ শিকার করা দণ্ডনীয় অপরাধ। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, বেশ আগেই বেড়া তুলে নিতে তাঁদের নোটিশ দেওয়া হয়েছে। এত বড় বেড়া অপসারণ করা অনেক খরচ। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দেরি হচ্ছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, রামকান্তপুর ঘাট বরাবর মধুমতীর মূল প্রবাহে নদীজুড়ে (প্রায় ১৮০০ ফুট) আড়াআড়ি বেড়া দেওয়া হয়েছে। বেড়ার সঙ্গে আটকানো ছোট ফাঁসওয়ালা জাল পানির ওপর থেকে মাটির নিচ পর্যন্ত টানানো। নৌযান চলাচলের জন্য বেড়ার মাঝখানে প্রায় ৪০ ফুট জায়গা খোলা রাখা হয়েছে। তবে সেখানেও অস্থায়ী সুতি জাল দিয়ে ফাঁদ পাতা হয়েছে। সেখানে মাছ ধরছেন পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের উত্তম বিশ্বাস, ভবসিন্ধু, দীনবন্ধু ও রামকান্তপুর গ্রামের রেজাউল করিম। তাঁরা বলেন, রেজাউল করিম এ বেড়ার মালিক। রেজাউল বলেন, ‘এ করেই আমাদের জীবনজীবিকা চলে। তাই উপজেলা প্রশাসন থেকে নিষেধ করার পরও চালিয়ে যাচ্ছি।’
এর প্রায় ৩০০ ফুট উত্তরে একইভাবে আরেকটি বেড়া। এ বেড়া দিয়েছেন শালনগর ইউনিয়নের জহুর বিশ্বাস। তিনি বলেন, ‘প্রায় দুই লাখ টাকা খরচ করে এ বেড়া দেওয়া হয়েছে। এখন তুলে নিলে এ টাকা ওঠাবো কীভাবে।’
নদীপাড়ের বাসিন্দা হাফিজার শিকদার বলেন, জালে ছোট-বড় সব মাছ ধরা পড়ছে। জাটকা, বেলে মাছের গুঁড়া ও ডিমওয়ালা মাছ শেষ করে ফেলছে।
জয়পুর ইউনিয়নের ধানাইড় ঘাটে গিয়ে দেখা যায়, পুরো নদীতে বেড়া দিয়ে মাছ ধরা হচ্ছে। স্থানীয় লোকজন বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার সিদ্ধেশ্বর রায় এ বেড়ার মালিক। গত ৭ ডিসেম্বর ভ্রাম্যমাণ আদালত এ বেড়ার কিছু অংশ ভেঙে দেন। তবে এর কয়েক দিনের মধ্যে আবার সেখানে বেড়া তৈরি করা হয়।
সিদ্ধেশ্বর রায়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রামকান্তপুর ও ধানাইড় এলাকার স্থানীয় লোকজন বলেন, উভয় জায়গায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এর সঙ্গে জড়িত। নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবে মাছ ধরা হচ্ছে। তবে কারা এর সঙ্গে জড়িত, সে ব্যাপারে মুখ খুলছেন না কেউ।
লোহাগড়ার ইউএনও মো. সেলিম রেজা বলেন, ওই তিনটি বেড়া অবিলম্বে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।