লোহাগড়ায় যুবককে কুপিয়ে জখম
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার কচুবাড়িয়া গ্রামে জাকির মণ্ডল (৩৭) নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। মাদক ব্যবসা ছেড়ে দেওয়ায় তাঁকে জখম করা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে।
জাকির কচুবাড়িয়া গ্রামের জাবেদ মণ্ডলের ছেলে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার জাকিরের ভাই বাবুল মণ্ডল পাঁচ-ছয়জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেছেন।
ভাই বাবুল মণ্ডল ও পরিবারের অন্য সদস্যরা বলেন, কচুবাড়িয়া গ্রামের মশিয়ার শেখ, রেজাউল ও তরিকুলের সঙ্গে জাকিরও মাদক ব্যবসায় জড়িত ছিলেন। পরে তিনি মাদক ব্যবসা ছেড়ে দেন। তবে এটা মেনে নিতে পারেননি তাঁর সাবেক সহযোগী মাদক ব্যবসায়ীরা। সোমবার বিকেলে জাকিরের বাড়িতে ফেনসিডিল রাখতে আসেন মশিয়ারসহ অন্যরা। এগুলো তিনি বাড়িতে রাখেননি। এতে ক্ষুব্ধ হয়ে মশিয়ারের নেতৃত্বে পাঁচ-ছয়জন রাত ১১টার দিকে জাকিরকে বাড়ির পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হেয়ছে।