লোহাগড়ায় ৭ বাড়িতে ভাঙচুর আটজনকে জখম
নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলা চালিয়ে সাতটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় আটজনকে কুপিয়ে জখম করা হয়।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মনু শেখ ও জাকির শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া হোসনে আরা ও শাহানাজ বেগমসহ ছয়জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোলা গ্রামের সাকা মৃধা বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ভাই সুলতান মৃধার স্ত্রীকে মারধর করেন। এর জের ধরে সুলতান মৃধার জামাতা মল্লিকপুর গ্রামের ফরিদ শেখের সঙ্গে গতকাল সাকা মৃধার কথা-কাটাকাটি হয়। পরে ফরিদ শেখ মুঠোফোনে তাঁর গ্রামের লোকজনকে খবর দেন যে তাঁকে কোলা গ্রামে আটকে রাখা হয়েছে। এ খবর শুনে মল্লিকপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়।
তবে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে সুলতান মৃধা ও শেখ ফরিদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
লোহাগড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, পরিস্থিতি এখন শান্ত। ঘটনা সামাল দিতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।