লোহাগাড়ায় অর্ধ কোটি টাকার সোনা উদ্ধার
চট্টগ্রামের লোহাগাড়ায় ১০টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সহায়তায় এসব সোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ৬৫০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ৫২ লাখ টাকা। ওসি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগে মামলা করা হবে।
আটক ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম ও কায়সার হামিদ। তাঁদের বাড়ি টেকনাফে।
উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এস এম আজিজ বলেন, ‘মাদক ব্যবসায়ী মো. সাইফুলকে প্রাইভেট কারযোগে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যেতে দেখে আমার এক বন্ধুর সন্দেহ হয়। আমার বন্ধু ফোনে বলেন, ওই গাড়িতে তল্লাশি করলে ইয়াবা পাওয়া যেতে পারে। পরে আমিসহ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা লোহাগাড়ার বার আউলিয়া গেট এলাকায় গাড়িটির গতিরোধ করি। পরে গাড়ির চালক ও এক আরোহীকে ধরে পুলিশে খবর দিই। পরে পুলিশ ওই দুজনকে আটক করে।’
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. এমরান ভূইয়া বলেন, সোনা উদ্ধারে ভূমিকা রাখায় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের পুরস্কৃত করা হবে।