চট্টগ্রামের লোহাগাড়ার বিভিন্ন মসজিদে পবিত্র কোরআনের পাতা ছিঁড়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ছাত্রশিবিরের একজন কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে উপজেলার পদুয়া ইউনিয়ন থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক মো. জাকারিয়ার বাড়ি লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ১৪ জানুয়ারি লোহাগাড়ার চুনতি ও বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন মসজিদে কোরআন শরিফগুলো কে বা কারা ছিঁড়ে ফেলে। এ ঘটনায় লোহাগাড়ার চুনতি পুলিশ বিটের উপপরিদর্শক নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
তবে লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির নুরুল হোসাইন দাবি করেন, শিবিরের কর্মীরা এ ঘটনায় জড়িত ছিলেন না।
এর আগে গত ২৮ জানুয়ারি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলেন, সাতকানিয়া ও লোহাগাড়ার ১৯টি মসজিদে কোরআন শরিফের পাতা ছিঁড়ে রেখে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছিলেন নেতা-কর্মীরা। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা ছিল তাঁদের। কোরআন শরিফ অবমাননার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতকানিয়া থেকে শিবিরের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করার কথা জানান তিনি। তাঁদের মধ্যে দুজন অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
গতকাল লোহাগাড়া থানায় সাংবাদিকদের জাকারিয়া বলেন, গত ১০ জানুয়ারি সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া এলাকার ১৫-২০ জন শিবির কর্মীকে নিয়ে ছদাহা ফকিরহাট এলাকায় গোপন বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, বিভিন্ন মসজিদ ও মাজারের কোরআন শরিফ ছিঁড়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে সরকারবিরোধী আন্দোলন বেগবান করা হবে। ছাত্রশিবিরের জ্যেষ্ঠ নেতাদের নির্দেশে এ পরিকল্পনা করা হয়। তিনি নিজেও এ কাজে অংশ নেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জাকারিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও যাঁরা জড়িত ছিলেন, তাঁদেরও আটক করা হবে।