লোহাগাড়ার পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর ফারুককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল শুক্রবার রাতে নগরের ষোলশহর ফরেস্ট গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন দুদক কর্মকর্তারা।

ওমর ফারুক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। তাঁর বিরুদ্ধে গত ১৯ আগস্ট লোহাগাড়া থানায় কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ওমর ফারুকের বিরুদ্ধে ২০০৯-১০ অর্থবছরে একটি কবরস্থানের দেয়াল নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি দেয়াল না তুলে টাকা আত্মসাৎ করেছেন। অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।