লোহাগাড়ায় খাল থেকে বালু তুলতে বাধা দেওয়ায় চাঁদাবাজির মামলা?
চট্টগ্রামের লোহাগাড়ার টংকাবতী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রতিকার চাওয়ায় পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বটতলী বাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন কলাউজান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ ওয়াহেদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান উল্লেখ করেন, কলাউজান ইউনিয়নের মধ্যে সরকার অনুমোদিত কোনো বৈধ বালুমহাল নেই। স্থানীয় বাসিন্দা মো. আবদুস সবুর উত্তর কলাউজান এলাকার টংকাবতী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে খালের দুই পাড়সহ কৃষিজমিতে ভাঙন দেখা দিয়েছে। গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা তাঁর কাছে বিষয়টির প্রতিকার চান। পরে তিনি স্থানীয় সাংসদকে এ ঘটনা জানান। সাংসদ বিষয়টি তদন্ত করার জন্য লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন।
ইউপি চেয়ারম্যান বলেন, তিনিসহ ইউনিয়নের চার সদস্য জামাল উদ্দিন, সালাহ উদ্দিন, আবদুর রহিম ও মমতাজ উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে ২২ জানুয়ারি আবদুস সবুর বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেন। তাঁর দাবি, অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে প্রতিকার চাওয়ায় তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে আবদুর সবুর দাবি করেন, ইজারাদারের প্রতিনিধি হিসেবে তিনি বালু উত্তোলন করছেন। বালু তোলার জন্য তাঁর কাছে ওই পাঁচজন পাঁচ লাখ টাকা চেয়েছেন বলে তিনি দাবি করেন।
লোহাগাড়ার ইউএনও ফিজনূর রহমান বলেন, চাঁদাবাজির অভিযোগে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে মামলা করার কথা শোনেননি তিনি। তবে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।