লোহাগাড়ায় ছুরিকাঘাতে তরুণ নিহত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গত সোমবার রাতে ছুরিকাঘাতে মো. রাসেল (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার পুটিবিলা ইউনিয়নের চৌধুরীপাড়ায়। তিনি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী ছিলেন।
রাসেলের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বেড়ানোর কথা বলে জিয়া উদ্দিন ও খোরশেদ আলম নামের দুই বন্ধু রাসেলকে বাড়ি থেকে নিয়ে যান। রাত ১১টার দিকে উপজেলার পুটিবিলা তাঁতীবাজার এলাকায় দুর্বৃত্তরা রাসেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রাসেলের মৃত্যু হয়।
রাসেলের মামা নূর হোসেন বলেন, রাসেলের দুই বন্ধুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর কোনো শত্রু ছিল না। কী কারণে, কেন তাঁকে হত্যা করা হয়েছে, তা বুঝতে পারছি না।
সাতকানিয়ার এএসপি (সার্কেল) মো. মফিজ উদ্দিন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।’