লোহাগাড়ায় পুলিশের সঙ্গে আ.লীগের সংঘর্ষ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে তিনজন বিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে যুবলীগের স্থানীয় এক নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশের শুরুতে এ সংঘর্ষ হয়।
রাবার বুলেটে আহত ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এম এস মামুন, যুবলীগ নেতা
বেলাল উদ্দীন ও মো. সাত্তার। অপরদিকে, মিছিলকারীদের হামলায় উপপরিদর্শক (এসআই) মশিউর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী জানান, সম্প্রতি উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তুচ্ছ ওই ঘটনায় ২ আগস্ট স্থানীয় সাংসদের নির্দেশে একটি ‘মিথ্যা’ মামলা দায়ের করা হয়। এরই প্রতিবাদে
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা গতকাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ করার উদ্যোগ নেন। কিন্তু কর্মসূচি শুরুর আগেই পুলিশ তাঁদের ওপর হামলা চালায়। রাবার বুলেটে আহত এম এস মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, মামলা দায়েরকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুটি পক্ষ মিছিল সমাবেশ করতে গেলে পুলিশ উভয় পক্ষকে ধাওয়া করে। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করেন। তখন পুলিশ রাবার বুলেট ছোড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে যুবলীগ কর্মী নাজমুল হাসানকে গ্রেপ্তার করেছে।