লোহাগাড়ায় বন্ধুকে অপহরণের চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে গত শুক্রবার রাতে তিন যুবককে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন ফয়সাল উদ্দিন (২৬), মো. নুরুন্নবী (২২) ও মাইনুল ইসলাম (২৫)। অপহরণের শিকার অপু সরকারের বন্ধু ফয়সাল। আটক তিনজনের বাড়ি লোহাগাড়া উপজেলায়।
পুলিশ সূত্র জানায়, চাঁদপুরের কচুয়া উপজেলার সৌদিপ্রবাসী মোতালেব সরকারের ছেলে অপু সরকার চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত বৃহস্পতিবার তিনি লোহাগাড়ার বড়হাতিয়া এলাকায় তাঁর বন্ধু ফয়সালের বাড়ি যান। ফয়সাল তাঁকে খামারবাড়ি দেখাবেন বলে চরম্বা এলাকার পাহাড়ে নিয়ে যান। সেখানে ফয়সালসহ চার বন্ধু মিলে অপুর ওপর নির্যাতন চালান। পরে মুঠোফোনে তাঁর পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, স্থানীয় লোকজন অপহরণের বিষয়টি বুঝতে পেরে পুলিশকে জানায়। পরে পুলিশ অপু সরকারকে উদ্ধার করে।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, অপহরণের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারেক নামের একজন পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে।