লোহাগড়ায় টিআরের আট প্রকল্পের টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে টিআরের আটটি প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) আওতায় লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নে ১৫টি প্রকল্পে নগদ ছয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি প্রকল্পে বরাদ্দ ছিল ৪০ হাজার টাকা করে। গত ৩০ জুন এসব প্রকল্পের মেয়াদ শেষ হয়।
এর মধ্যে মাকড়াইল গ্রামে আটটি প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। এ প্রকল্পগুলো হলো মাকড়াইল নতুন বাজার জামে মসজিদ সংস্কার, মাকড়াইল পুরাতন জামে মসজিদ সংস্কার, মাকড়াইল শহীদ আবদুর রাজ্জাক মোল্লার স্মৃতিফলক সংস্কার, মাকড়াইল পশ্চিমপাড়া জামে মসজিদ সংস্কার, মাকড়াইল নুরানি মাদ্রাসা সংস্কার, লে. মতিউর রহমান স্মৃতিফলক সংস্কার, মাকড়াইল হাজীপাড়া জামে মসজিদ সংস্কার ও মাকড়াইল মধ্যপাড়া জামে মসজিদ সংস্কার।
১০ জন গ্রামবাসী অভিযোগ করেন, তাঁরা এ প্রকল্পগুলো সম্পর্কে এত দিন কিছুই জানতেন না। তাঁরা ১৫ থেকে ২০ দিন আগে বিষয়টি শোনেন। এরপর গ্রামের পক্ষ থেকে সাত-আটজন পিআইও মো. নজরুল ইসলাম ও ইউএনও মো. সেলিম রেজার কাছে গিয়ে এ বিষয়ে জানতে চান। তখন ইউএনও তাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন করার পরামর্শ দেন।
পরে গ্রামবাসী ৪ ফেব্রুয়ারি শালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাবু মিয়া ও মাকড়াইল গ্রামের ইউপি সদস্য (ওয়ার্ড-১) আলমগীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ করে জেলা প্রশাসকের কাছে চিঠি দেন। জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ অভিযোগ পেয়ে ইউএনওকে এ বিষয়ে তদন্ত করতে বলেছেন।
সম্প্রতি ওই গ্রামে গিয়ে দেখা যায়, আটটি প্রকল্পের কোনোটিতে কাজ হয়নি। মুক্তিযোদ্ধা ও টিসিবির সাবেক চেয়ারম্যান লে. মতিউর রহমান এ গ্রামের বাসিন্দা। তাঁর নামের স্মৃতিফলক সংস্কারের জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাঁর ভাতিজা জামান মোল্লা বলেন, এ বরাদ্দের টাকা আত্মসাৎ করা হয়েছে। একাত্তরের শহীদ আবদুর রাজ্জাক মোল্লার স্মৃতিফলক সংস্কারে ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ তাঁর নামে কোনো স্মৃতিফলক নেই। তাঁর ছেলে মান্নান মোল্লা বলেন, তাঁর বাবার স্মৃতিফলকের জন্য আজ পর্যন্ত তিনি কোনো টাকা পাননি। পুরোনো জামে মসজিদ ও নুরানি মাদ্রাসার সভাপতি আলিউদ্দীন শিকদার এবং মধ্যপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক বাদশা মোল্লা বলেন, তাঁরাও কোনো টাকা পাননি।
পিআইও বলেন, জনপ্রতিনিধিরা ছাড়াও যে-কেউ এসব প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হতে পারেন। মাকড়াইল গ্রামের আটটি প্রকল্প বাস্তবায়ন কমিটির মধ্যে তিনটির সভাপতি ইউপি সদস্য আলমগীর হোসেন ও দুটির সভাপতি তাঁর (আলমগীরের) ভাই জাকারিয়া। আর বাকি তিনটির সভাপতি ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এনায়েত আলী খান।
আলমগীর হোসেন বলেন, ‘ইউপি চেয়ারম্যান লাবু মিয়া এসব প্রকল্প এনেছেন। এর সবকিছু তিনি জানেন। আমি কিছু জানি না।’
লাবু মিয়া বলেন, সম্প্রতি তিনি এসব প্রকল্পের বরাদ্দের কিছু অংশ সুবিধাভোগীদের দিতে চেয়েছিলেন। কিন্তু তাঁরা নেননি।
ইউএনও বলেন, প্রকল্পের টাকা আত্মসাতের বিষয়ে শুনানি করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দেওয়া হবে।
সর্বশেষ গত বুধবার বিকেলে জেলা প্রশাসকের নির্দেশের পরিপ্রেক্ষিতে ইউএনও তার কার্যালয়ে ওই আট প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ইউপি চেয়ারম্যানকে ডেকে শুনানি করেন। শুনানি শেষে প্রকল্পগুলোর বরাদ্দ টাকা চেয়ারম্যান গতকাল বৃহস্পতিবার বিকেলে পাঁচটার মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে দেওয়ার অঙ্গীকার করেন।