লোহাগড়ায় হামলায় এক শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় বিরোধের জেরে দুই শিশুকে ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষরা কুপিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার পৌর এলাকার লক্ষ্মীপাশা ব্যাপারিপাড়ায় ওই ঘটনা ঘটে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
নিহত শিশুর নাম জুলমত খাঁ (১২)। সে মাছের আড়তে কাজ করত। জুলমতের ভাই জঙ্গু খাঁ (১৪) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তারা আপন ভাই বলে জানা গেছে। হত্যায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
নিহত জুলমতের চাচা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোজাম খাঁ অভিযোগ করেন, জুলমতের বড় ভাই খসরু ও একই পাড়ার একজনের মামাতো বোনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে তাঁরা পালিয়ে যান। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। বুধবার সন্ধ্যায় ওই পাড়ার শিমুলের চায়ের দোকানে দুই ভাই বসে ছিল। এ সময় রনি মোল্লার (২২) নেতৃত্বে ওবায়দুল, আল আমিন, লিটন, সাহিদুল, মোতালেবসহ ১০-১২ জন ওই দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। প্রথমে তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে জুলমত মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এ হামলার জের ধরে ওই পাড়ায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা সবাই পলাতক আছেন।
লোহাগড়া থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।