লোকলজ্জায় বন্দিজীবন
বগুড়ার শেরপুরে এক নারী (১৯) নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে সালিসের মাধ্যমে বিবাহবিচ্ছেদ ঘটিয়েছেন। কিন্তু সেই সাবেক স্বামীই ওই নারীর বিবাহিত জীবনের একান্ত মুহূর্তের ভিডিওচিত্র ফাঁস করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই নারীকে এখন লোকলজ্জা ও সাবেক স্বামীর ভয়ে বাবার বাড়িতে বন্দিজীবন কাটাতে হচ্ছে। ঘটনাটি উপজেলার খানপুর ইউনিয়নের। এ বিষয়ে ওই নারী বাদী হয়ে গত ২০ এপ্রিল শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাদশা মিয়ার (২৫) সঙ্গে ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর ওই নারীর বিয়ে হয়। স্বামীর নির্যাতনের কারণে গত বছরের ১৪ অক্টোবর সালিসের মাধ্যমে তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে।
ওই নারী দাবি করেন, বিবাহ বিচ্ছেদের পর বাদশা মিয়া তাঁকে আবার স্ত্রী হিসেবে ফিরিয়ে নেওয়ার জন্য কয়েকবার চেষ্টা করেন। কিন্তু তিনি রাজি হননি। রাজি না হওয়ায় প্রতিশোধ নিতেই বাদশা গোপনে ধারণ করা ভিডিও ফাঁস করে দেন। অন্য এক নারীর নগ্ন ছবির মাথা কেটে সেখানে তাঁর মাথা জুড়ে দিয়ে অনেকের মুঠোফোনে ছেড়ে দিয়েছেন। বাদশা মুঠোফোনে তাঁদের একান্ত মুহূর্তের গোপনে ভিডিও করেছেন কিনা তা তিনি জানতেন না। এসব জানাজানি হলে গ্রামের যুবকেরা তাঁর দিকে তাকিয়ে থাকেন। আবার অনেকে খারাপ কথা বলে।
ওই নারীর মা বলেন, ‘বিয়ের পর জানতে পারি জামাই নেশা করে। নিষেধ করায় বাদশা তাঁর মেয়েকে মারধর করত। মেয়ের জীবন বাঁচাতে সালিসের মাধ্যমে ছাড়াছাড়ি করাতে বাধ্য হই। এরপর বাদশা গোপন ভিডিও তাঁদের গ্রামের উঠতি বয়সী যুবকদের মোবাইলে ছেড়ে দিয়েছে। লোকলজ্জায় মেয়ে বাইরে বের হতে পারে না। শুধু কান্নাকাটি করে। পুলিশের কাছে অভিযোগ দেওয়ার দু-তিন দিন পর বাদশা বাড়ির সামনে এসে শাসিয়ে গেছে। মামলা তুলে না নিলে মেয়েকে মেরে ফেলার হুমকিও দিয়েছে।’
গত রোববার স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমজাদ হোসেন বলেন, এ ঘটনা তিনিও জেনেছেন। ওই নারী এখন লোকলজ্জা ও বাদশার ভয়ে বন্দী হয়ে বাড়িতে আছেন। একই গ্রামের সুফিয়া খাতুন বলেন, বিবাহিত জীবনের ঘটনা নিয়ে ওই মেয়ের সঙ্গে এটা এক ধরনের প্রতারণা। মেয়েটি এখন মানসিকভাবে ভেঙে পড়েছে। গ্রামের বৃদ্ধ মুস্তি মণ্ডলও বাদশার উপযুক্ত বিচার দাবি করেন।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে গিয়ে দেখা যায়, বাদশার বাড়িতে কেউ নেই। সবকটি ঘরে তালা ঝুলছে। দু-তিনজন প্রতিবেশী জানান, চার-পাঁচ দিন আগে বাদশার বাড়িতে পুলিশ এসেছিল। এরপর সবাই চলে গেছেন।
গত রোববার সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে বাদশা মিয়া বলেন, ভিডিও ছেড়ে দেওয়া ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তিনি দাবি করেন, ভিডিওচিত্রে যে পুরুষ রয়েছেন সেটি তিনি নন। তবে ওই নারী নিশ্চিত করেন ওই ভিডিওর পুরুষ মানুষটি বাদশা মিয়া নিজেই।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু কামাল বলেন, স্থানীয় লোকজন বলেছে ওই ভিডিও ও ছবিটি বাদশাই ছড়িয়েছেন। বাদশাকে আটকের চেষ্টা অব্যাহত আছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ওই নারীর অভিযোগটি কোনো অবস্থায় আছে তা তিনি জানেন না। তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।