লোভ দেখিয়ে টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার ও অংশীদারি ব্যবসার লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে নাইজেরিয়ার কিছু নাগরিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত মঙ্গলবার পিবিআইয়ের বিশেষায়িত অভিযান দল ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এমন অভিযোগে পাঁচ নাইজেরীয়সহ সাতজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নাইজেরিয়ার পাঁচ নাগরিক ফ্রেড আমহ ইডি (৪২), ইজুগো কেলছি মুসা (৩৭), জসিলা মাইকেল চুকওয়াকা (৩৬), ওকোরও অস্টিন আন্তো (৩০), অগোয়া রেজিন্যাল্ড ইক (৩৮) এবং দুই বাংলাদেশি হলেন জুয়েল রানা ও সাহেরা বেগম। তাঁদের কাছ থেকে চারটি ল্যাপটপ, ১১টি মুঠোফোন, দেশি-বিদেশি ১২টি সিম কার্ড, ১০টি মডেম ও একটি পাসপোর্টের ফটোকপি জব্দ করা হয়েছে। 

গতকাল বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের বিশেষায়িত অভিযান দলের প্রধান বিশেষ পুলিশ সুপার মো. আহসান হাবীব। তিনি বলেন, নাইজেরিয়ার কিছু নাগরিক বাংলাদেশে বেআইনিভাবে অবস্থান করে কয়েকজন বাংলাদেশির সহায়তায় বিভিন্ন কৌশলে প্রতারণা করে সহজ-সরল মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করছেন। তাঁদের প্রতারণার শিকার কয়েক ব্যক্তি ৮ আগস্ট কাফরুল মডেল থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ২০০৬-এর ৫৭, ৬৫ ও ৬৬ ধারায় মামলা করেন। পিবিআই মামলাটি তদন্তের দায়িত্ব পায়। পিবিআই তদন্ত করে প্রতারণায় জড়িত নাইজেরীয় ও বাংলাদেশিদের শনাক্ত করে। পরে পিবিআইয়ের বিশেষায়িত তিনটি অভিযান দল অবস্থান নিশ্চিত হয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পিবিআইয়ের কর্মকর্তা আহসান হাবীব বলেন, গ্রেপ্তারকৃতরা মুঠোফোন ও ই-মেইলের মাধ্যমে গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ পুরস্কারের বার্তা পাঠিয়ে প্রতারণার ফাঁদে ফেলতে গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশিকে ব্যবহার করছিলেন। বার্তায় একটি ই-মেইল অ্যাড্রেস পাঠানো হতো।