লোভের মাশুল
কম মূল্যে ডলার পাওয়ার আশা করেছিলেন ঢাকার তুরাগ থানার নয়ানগর এলাকার মুদি দোকানদার আলফাজ উদ্দিন। স্থানীয় এক নারী তাঁর দোকান থেকে বাজার-সদাই করতেন। একদিন তিনি আলফাজকে বলেন, জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তাঁর বাড়িতে অনেক ডলার আছে। সেগুলো কম পয়সায় বিক্রি করবেন। এ কথা শুনে আলফাজ কিছু ডলার কিনতে চান। ওই নারী তাঁকে বলেন, তিনি বাড়ি গিয়ে ফোন করবেন। তারপর গত মঙ্গলবার তিনি বাড়ি গিয়ে ফোন করলে আলফাজ বকশীগঞ্জে গিয়ে হাজির হন। সেখান থেকে তাঁকে নিয়ে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের শরীফ উদ্দিনের বাড়িতে যান ওই নারী। আলফাজকে একটি ঘরে বসিয়ে রাখা হয়েছিল। একসময় তিনি বুঝতে পারেন, তাঁকে আটকে রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের একটি বাড়ি থেকে ব্যবসায়ী আলফাজকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বাড়ির মালিক শরীফ উদ্দিনসহ (৫০) চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্যবসায়ী আলফাজকে (৬০) ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের চেষ্টার এই বর্ণনা দেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান।
আলফাজের ছেলে সুমন মিয়া গত মঙ্গলবার তুরাগ থানায় তাঁর বাবা অপহৃত হয়েছেন বলে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন, অপহরণকারীরা তাঁর বাবার মুক্তিপণ বাবদ পাঁচ লাখ টাকা চেয়ে ফোন করেছেন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে আলফাজকে উদ্ধারের অভিযানে নামে পুলিশ। ঢাকা মেট্রোপলিট্ন পুলিশের সদস্যরা অপহরণকারীদের মোবাইল ফোন ট্র্যাকিং করে জানতে পারেন যে তাঁরা জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবস্থান করছেন। বৃহস্পতিবার মেট্রোপলিট্ন পুলিশের একটি দল বকশীগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিকেলে অপহরণকারীদের মূল হোতা শরিফ উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী রাত ১০টার দিকে ওই উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রাম থেকে আলফাজ উদ্দিনকে উদ্ধার করে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন টুপকারচর গ্রামের জাহিদুল ইসলাম (২৫) মেরুরচর গ্রামের পিরু মণ্ডল (৩০) এবং একই গ্রামের ছামিরুল ইসলাম (২২)। আলফাজসহ গ্রেপ্তারকৃতদের ওই রাতেই তুরাগ থানায় নিয়ে যাওয়া হয়।