লোহাগড়ায় যুবলীগ ছাত্রলীগ পাল্টাপাল্টি হামলা, আহত ৩
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুই দফা পাল্টাপাল্টি হামলায় তিনজন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও উভয় পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলমের সমর্থকেরা গতকাল দুপুরে উপজেলা ছাত্রলীগের দুই নেতাকে মারধর করেন। এর জের ধরে বিকেলে উপজেলা যুবলীগ কার্যালয় ও উপজেলা যুবলীগের সভাপতির লক্ষ্মীপাশার বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসানের নেতৃত্বে এ ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত সোমবার লক্ষ্মীপাশার সনেট ও রাসেল নামের দুজন গাঁজাসহ গ্রেপ্তার হন। এ বিষয় নিয়ে ফেসবুকে মন্তব্য করা হয়, ‘মাদকসম্রাট আশরাফুল আলমের ছত্রচ্ছায়ায় থাকা সনেট ও রাসেল গাঁজাসহ গ্রেপ্তার’। এ মন্তব্যের জের ধরে আশরাফুলের সমর্থক উজ্জ্বল, লালন, আরাফাতসহ কয়েকজন মিলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফজল এলাহী ও মল্লিকপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রুবেলকে গতকাল দুপুরে বেধড়ক মারধর করে।
আশরাফুল আলমের ছোট ভাই জসিম অভিযোগ করেন, ফজল এলাহী তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ মন্তব্য করেছেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে ৪০-৫০ জনের দল প্রকাশ্যে রামদা, চাপাতি, চায়নিজ কুড়াল নিয়ে যুবলীগ কার্যালয় ও যুবলীগ সভাপতির বাড়িতে হামলা চালায়। হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। রাশেদুল হাসানের নেতৃত্বে হামলাকারীরা বাড়ির প্রতিটি কক্ষে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় জসিমের স্ত্রী নূরানী সুলতানা আহত হন।