লোহাগড়ায় শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় বিরোধের জেরে এক শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার নিহত শিশুর বড় ভাই সোহরাব খাঁ বাদী হয়ে ওই মামলা করেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার সন্ধ্যায় পৌর এলাকার লক্ষ্মীপাশা ব্যাপারীপাড়ায় শিশু জুলমত খাঁ (১২) ও তার ভাই জঙ্গু খাঁকে (১৪) ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ওই রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলমত মারা যায়। ঘটনার দুই দিন পর সোহরাব খাঁ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

গতকাল বিকেলে স্বজনেরা জানিয়েছেন, জঙ্গু ওই হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছে। তার সংজ্ঞা ফেরেনি। নিহত জুলমতের চাচা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোজাম খাঁ বলেন, জঙ্গুর চিকিৎসায় পরিবারের লোকজন ব্যস্ত থাকায় মামলা করতে দেরি হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর দুই ভাই ব্যাপারীপাড়ার শিমুলের চায়ের দোকানের বেঞ্চে বসে টেলিভিশন দেখছিল। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে পালিয়ে যায়।

পুলিশ ও পরিবার সূত্রের বিবরণ অনুযায়ী, নিহত জুলমতের বড় ভাই খসরু এবং একই পাড়ার এক তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে তাঁরা পালিয়ে যান। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে এ হামলার ঘটনা ঘটেছে। লোহাগড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এজাহারভুক্তদের মধ্যে ওবায়দুল ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।