লোহাগড়ায় সংঘর্ষ একজনের কবজি বিচ্ছিন্ন, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে এক পক্ষের নেতা সাহিদুল ইসলামের (৫৫) হাতের কবজি কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। এ সময় ১৩ বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের নূর মোহাম্মদের (৫২) সঙ্গে সাহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সোমবার বিকেলে নূর মোহাম্মদের সমর্থকরা প্রতিপক্ষের নাজমুলকে মারধর করে। এরই জের ধরে গতকাল সকাল সাতটায় গরিব শেখ, কিবরিয়া শেখ ও সোহরাব গাজীর নেতৃত্বে শতাধিক মানুষ নূর মোহাম্মদ ও তাঁর সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। একপর্যায় দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে গুরুতর আহত ১১ জনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে প্রতিপক্ষের হামলায় হাতের কবজি হারানো সাহিদুলের অবস্থা গুরুতর। আহত অন্যদের মধ্যে আছেন নূর মোহাম্মদ পক্ষের হাবিবার শেখ (৪৫), মারুফ শেখ (৩২), ইমরান শেখ (৩০), শাখাওয়াত শেখ (৬৫), মামুন শেখ (২৫), কালাম শেখ (৫০), হালিম শেখ (৩৫) এবং সাহিদুল পক্ষের সাহিদুল ছাড়াও ইয়াসিন মোল্লা (৫০), তারা মিয়া (৫০) ও রাকিব (৩০)। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় লোকজন জানান, গত বছর এ দুই পক্ষের মধ্যে অন্তত চারবার সংঘর্ষ হয়। ওই সব সংঘর্ষে অন্তত ৫০ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে তিনজন চিরতরে পঙ্গু হয়েছেন।
গতকালের সংঘর্ষের সময় নূর মোহাম্মদ, সোনা মিয়া, মনু মিয়া, তোতা, আলম, মাহাবুর, হাসিব মেম্বার, আহাদ, আফসার, মাহমুদ, কালাম, হালিম ও সাইফুলের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটও হয়েছে।
লোহাগড়া থানার উপপরিদর্শক শিমুল কুমার দাস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি। সংঘর্ষে জড়িতরা পলাতক রয়েছে।