লোহাগড়ায় সংঘর্ষে একজন নিহত আহত ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের চরসারুলিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আসাদ মোল্লা (৪০) নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৯ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় মাতবর জামাল শেখ (৪২) নামের এক ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই গ্রামের আজিবর মোল্লা এবং জামাল শেখ পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। উভয় পক্ষের মধ্যে মামলাও আছে। চার-পাঁচ দিন ধরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলছে। গতকাল ভোরে গ্রামে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে সকাল সাড়ে ছয়টার দিকে জামাল শেখ পক্ষের আসাদকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত আসাদ চরসারুলিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে। তিনি কার্গোতে চাকরি করতেন। ছুটিতে বাড়ি এসেছিলেন। এ হত্যায় জড়িত সন্দেহে পুলিশ চরসারুলিয়া গ্রামের জিয়ারুল মোল্লা (২৫) ও নড়াইল সদর উপজেলার বাশগ্রামের আরশেক মোল্লাকে (৪০) আটক করেছে।
জামাল শেখ পক্ষের লিটন শেখ বলেন, সংঘর্ষের একপর্যায়ে আসাদকে একা পেয়ে আজিবর মোল্লা পক্ষের ১০-১২ জন মিলে তাঁকে পিটিয়ে হত্যা করে। সংঘর্ষে জামাল শেখ পক্ষের ১২ জন আহত হন। অন্য পক্ষের আজিবর মোল্লার ছেলে আজমল বলেন, ‘প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়ির সামনে এসে হুমকি দিচ্ছিল। এ সময় আমাদের লোকজন তাদের ধাওয়া করলে সংঘর্ষ হয়। সংঘর্ষস্থল থেকে একটু দূরে আসাদকে কারা মেরেছে তা বলতে পারছি না। আমাদের পক্ষের সাতজন আহত হয়েছে। এখন আমাদের লোকজন পালিয়েছে। এ অবস্থায় লুটপাটের আশঙ্কা করা হচ্ছে।’ তবে উভয় পক্ষের দাবি, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।