লোহাগড়ায় স্কুলছাত্রীসহ দুজনকে ধর্ষণের অভিযোগ
নড়াইলের লোহাগড়া উপজেলায় গত মঙ্গলবার রাতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ ও আরেক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উভয় ঘটনায় থানায় মামলা হয়েছে।
ওই ছাত্রী জানায়, তার মা এক বাসায় কাজ করেন।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের পরিচিত এক অটোভ্যানচালক সেখানে তাকে নিয়ে যাচ্ছিলেন। পথে তিন যুবক তাদের পথরোধ করেন। তাঁরা তাদের রাস্তার পাশে বাগানে নিয়ে মারধর করেন।
এরপর ওই তিনজন তাকে ধর্ষণ করেন। পরে স্থানীয় লোকজন তাদের দুজনকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে যান। ২২ নভেম্বর থেকে তার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা।
ওই ছাত্রীর মায়ের অভিযোগ, অপহরণের উদ্দেশ্যে ওই অটোভ্যানচালক তাঁর মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাচ্ছিলেন।
এ সময় ওই তিন যুবক তাঁর মেয়েকে ধর্ষণ করেন। তবে ওই ভ্যানচালক তাঁর বিরুদ্ধে আনা অপহরণ চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মেয়েটির মা কালনা গ্রামের তিন যুবকসহ ওই ভ্যানচালকের বিরুদ্ধে মামলা করেন। রাতেই ভ্যানচালককে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের বাড়িতে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি।
এদিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নে মাছের একটি ঘেরে মঙ্গলবার রাত ১১টার দিকে এক নারী (৩০) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই নারী দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১০-১২ জনকে আসামি করে গতকাল বুধবার থানায় মামলা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত দুজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তাঁরা অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষের লোকজন তাঁদের ফাঁসাতে ওই ষড়যন্ত্র করছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ওই শিশু এবং নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ওই নারীকে ধর্ষণের বিষয়টি রহস্যজনক মনে হয়েছে। উভয় ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।