উত্ত্যক্তের প্রতিবাদ করায় ক্লাসে ঢুকে ছাত্রদের মারধর বখাটেদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্তের প্রতিবাদ করায় শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রদের মারধর করেছে বখাটেরা। চট্টগ্রামের লোহাগাড়ার উত্তর পদুয়া উচ্চবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীরা লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, এলাকার কয়েকজন বখাটে বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের ছাত্রীদের কটূক্তি করে আসছিল। তারা বিদ্যালয়ের বারান্দায় বসে আড্ডা দেয় এবং শ্রেণিকক্ষে যাওয়া-আসার সময় ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করত। দশম শ্রেণির কয়েকজন ছাত্র গতকাল এর প্রতিবাদ করায় বখাটেরা ক্ষুব্ধ হয়ে শ্রেণিকক্ষে ঢুকে মো. হারুন, মো. মামুন ও মো. আনিসুর রহমানকে মারধর করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিদ্যালয়ের শিক্ষক মো. রাসেল জানান, তিনি ছুটে গিয়ে বখাটেদের হাত থেকে শিক্ষার্থীদের উদ্ধার করেন।
মারধরের শিকার মো. হারুন জানায়, বিদ্যালয়ের পাশে ওই বখাটেদের বাড়ি হওয়ায় তারা যা ইচ্ছা তা-ই করে।
বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রী অভিযোগ করেছে, বিদ্যালয়ে আসার পথেও বখাটেরা কটূক্তি করে।
উত্তর পদুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিক উদ্দিন জানান, বখাটেদের কারণে ছাত্রীরা আতঙ্কিত। এ বিষয়ে আগেও অভিযোগ করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, বখাটেদের আটকের চেষ্টা চলছে।
লোহাগাড়ার ইউএনও মো. ফিজনূর রহমান জানান, ছাত্রদের মারধরের ঘটনায় বখাটেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।