লোহাগাড়ায় ডাকাতের গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার হরিদাঘোনা এলাকায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতের গুলিতে অনিল রুদ্র (৪৫) নামের এক ব্যক্তি নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হন অনিলের ভাতিজা সঞ্জয় রুদ্র (৩০)।

বড়হাতিয়া ইউনিয়নের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. আবদুল মতলব জানান, প্রায় ২০-৩০ জনের ডাকাত দল রাত দুইটায় বড়হাতিয়া হরিদাঘোনা এলাকার ১২টি দোকান ও ছয়টি বাড়িতে ডাকাতি করে। এ সময় ডাকাত দলটি নগদ টাকা, ১৯টি মোবাইল সেট, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে।
অনিলের বিষয়ে তিনি বলেন, অনিল ও সঞ্জয় রাতে পাকা ধানখেতে পাহারা দিচ্ছিল। ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় তাঁরা চিৎকার করলে ডাকাতেরা তাঁদের গুলি করে। এতে মাথায় গুলি লেগে অনিল ঘটনাস্থলেই মারা যায়। আর আহত সঞ্জয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাকাতির শিকার কৃষক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, রাত তিনটার দিকে ২০-৩০ জন ডাকাতের একটি দল তাঁর বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের লোকজনকে জিম্মি করে। এরপর তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার মোবাইল সেট ও কাপড়চোপড় নিয়ে যায়। জাকির বলেন, তাঁর বাড়ি ছাড়াও আলি হোসেন, জালাল আহমদ, মো. আনজু মিয়া, আহমদ হোসেনের বাড়িতেও ডাকাতি হয়েছে।

নিহত অনিলের বড় ভাই রাখাল রুদ্র জানান, রাতে বন্য হাতির আক্রমণ থেকে ধানখেত বাঁচাতে পাহারা দিচ্ছিল অনিল। এ ছাড়া গুলিতে আহত সঞ্জয় রুদ্রের চিকিৎসা স্থানীয়দের আর্থিক সহায়তায় চলছে বলে জানান তিনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, হরিদাঘোনা এলাকাটি খুবই দুর্গম। ইতিমধ্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।