লোহাগাড়ায় ধর্ষণচেষ্টা ও ধর্ষণের অভিযোগে ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও দৃশ্যটি মুঠোফোনে ধারণ করার অভিযোগে গতকাল সোমবার দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো রমজান আলী ও সহিদুল ইসলাম। তাদের বাড়ি উপজেলার পদুয়া হানিফার চর এলাকায়।

পুলিশ সূত্র জানায়, ১১ জানুয়ারি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রমজান ও সহিদুল তাকে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনার ছবিও তাঁরা মুঠোফোনে ধারণ করে। মেয়েটি বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়। মেয়ের মা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানান।

এ ঘটনায় গতকাল মেয়েটির মা বাদী হয়ে দুজনকে আসামি করে লোহাগাড়া থানায় ধর্ষণচেষ্টা ও তথ্যপ্রযুক্তি আইনে দুটি মামলা করেন। মামলার পরই পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে।

ধর্ষণের অভিযোগে চারজন আটক: লোহাগাড়ার চুনতি সুফিনগর এলাকা থেকে ধর্ষণের অভিযোগে রোববার রাতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো মোস্তফিজুর রহমান, মো. মনছুর, মো. ইমরোজ এবং খাগড়াছড়ির ওসাসিং মারমা।

পুলিশ সূত্র জানায়, ধর্ষণের শিকার নারী তাঁর বাবাকে নিয়ে রোববার রাতে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে যান। সেখান থেকে তাঁকে অপহরণ করে চুনতি নিয়ে এসে ধর্ষণ করে ওই চার দুর্বৃত্ত। রাতে টহল পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় ওই নারী বাদী হয় গতকাল লোহাগাড়া থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান গতকাল রাত নয়টায় প্রথম আলোকে জানান, দুটি ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা থানা হেফাজতে রয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।