লোহাগাড়ায় পুলিশ-ডাকাত গুলিবিনিময়, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অস্ত্র উদ্ধারের সময় পুলিশের সঙ্গে ডাকাত দলের সদস্যদের গুলি বিনিময় হয়েছে। এ সময় পুলিশের চার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মধ্যম চাকফিরানী এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলাইমান, এসআই মো. নুরুল ইসলাম, দুজন কনস্টেবল ও ডাকাত দলের সদস্য নাজিম উদ্দিন। নাজিম উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত পুলিশ সদস্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহানের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে চুনতি খাঁর দিঘি এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পাঁচটি গুলিসহ মো. নাজিম উদ্দিন ও মনির আহমেদ নামের ডাকাতের দুই সদস্যকে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই দুজন জানান, তাঁদের বাড়িতে অস্ত্র রয়েছে। এর ভিত্তিতে গতকাল রাত দুইটার দিকে নাজিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আসামিদের ছিনিয়ে নিতে তাঁদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় ৪০টি গুলি বিনিময় হয়। ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে নাজিমের মা রাবেয়া খাতুন ও বোন শারমীন আক্তারকে পুলিশ আটক করে। পরে পাশের মনিরের বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশের ওপর হামলা, ডাকাতি ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।