লোহাগাড়ায় ইউপি সদস্যের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেমকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার জোনাবীর পাড়ার বাড়ি থেকে তাঁকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তাঁর বাড়ি থেকে ২ হাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে আরও ১ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠার একই ভবনে। এ সময় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের দুই কর্মচারী নূর আলম ও মো. মামুনকেও আটক করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. জিল্লুর রহমান বলেন, তিনজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অভিযানে নবম আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।