লোহাগাড়ায় জমির বিরোধে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের উত্তর সওদাগরপাড়ায় গতকাল সোমবার রাতে জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আবদুর সবুর (৩৫) নামের এক নিহত হয়েছেন। তিনি সিএনজিচালক ছিলেন।

জানা যায়, বাড়ির কাছের আড়াই শতক জায়গা নিয়ে নিহত আবদুর সবুরের সঙ্গে তাঁর চাচাতো ভাইদের দীর্ঘদিন বিরোধ ছিল। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদে (ইউপি) অভিযোগ দিলে স্থানীয় চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী নিহত সবুরের পক্ষে রায় দেন। গতকাল বিকেলে সবুর ওই জায়গায় টিনের ঘের দেন। এতে রাতে তাঁর চাচাতো ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। হামলায় আবদুর সবুর আহত হন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে নিহত সবুরের স্ত্রী সুমী আক্তার জানান, তাঁর স্বামীর চাচাতো ভাইয়েরা জোরপূর্বক তাঁদের জায়গাটা দখল করতে চান। আগেও তাঁর স্বামীকে মাথায় আঘাত করে মারাত্মকভাবে আহত করেছিলেন তাঁরা। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, এ ঘটনায় জড়িত সবুরের চাচাতো ভাই মো. আরমান এবং জাহানারা বেগম নামের দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে লোহাগাড়া থানায় হত্যা মামলা করা হবে।